জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসে রোববার সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া উৎখাতের পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিক্ষোভ হয়েছে। শোনা গেছে গুলির শব্দও। স্নায়ুযুদ্ধযুগের পর মধ্য আমেরিকায় এটিই প্রথম সেনা অভ্যুত্থান।
সেনাবাহিনী ভোরবেলার অভ্যুত্থানে জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠিয়েছে। এরপরপরই রাজধানীতে প্রেসিডেন্ট প্রসাদের সামনে জড়ো হয় জেলায়া-পন্থি শ'শ বিক্ষোভকারী। এদের কেউ কেউ মুখোশ পরে হাতে ছড়ি নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এবং বিলবোর্ড নামিয়ে ফেলে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বিক্ষোভকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। বিক্ষোভে যোগ দিতে আসা একটি ট্রাক এবং ঘটনাস্থলে পৌঁছানো একটি অ্যাম্বুলেন্স থেকে ওই শব্দ এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গুলি কে ছুড়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কিনা সেটি স্পষ্ট জানা যায়নি। ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
২০০৬ সাল থেকে হন্ডুরাসের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জেলায়া তার ৪ বছর মেয়াদ শেষের পরও তা বাড়াতে সংবিধান পরিবর্তনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানোয় বিচারবিভাগ, কংগ্রেস এবং সেনাবাহিনী ক্ষুব্ধ হয়। এ ক্ষোভের মুখেই অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী।
জেলায়াকে উৎখাতের পর কংগ্রেস রোবার্তো মিচেলেত্তিকে নতুন অর্র্ন্তবতী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। মিচেলেত্তি রবি ও সোমবার রাত পর্যন্ত কারফিউ জারি করেছেন।
হন্ডুরাসের শীর্ষ আদালত জেলায়াকে উৎখাতের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে।
জেলায়ার আঞ্চলিক মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। হন্ডুরাসে অভ্যুত্থানের প্রভাবে ভেনেজুয়েলায় কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছেন শ্যাভেজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বিদেশি সরকারও জেলায়ার পক্ষ সমর্থন করেছে। 'দ্য অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস' অবিলম্বে এবং নিঃশর্তে জেলায়ার দেশে প্রত্যাবর্তন দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৪ ঘ.
bdnews24