২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরবিমানে পৃথিবী পরিভ্রমণের পরিকল্পনা সুইস অভিযাত্রীর

সম্ভাবনাময় বিকল্প জ্বালানির গুরুত্ব তুলে ধরতে এক সুইস অভিযাত্রী সৌরবিমানে করে পৃথিবী ভ্রমণের পরিকল্পনা ফেঁদেছেন। অভিযাত্রীর নাম বারট্রান্ড পিকার্ড। তিনি শুক্রবার তার পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান। উড়োজাহাজটির মূল নমুনায় জাম্বো জেটের মতো লম্বা দুটি ডানা থাকলেও এর ওজন একটি পারিবারিক কারের মতোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 08:41 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ডুবেনডর্ফ, জুন ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- সম্ভাবনাময় বিকল্প জ্বালানির গুরুত্ব তুলে ধরতে এক সুইস অভিযাত্রী সৌরবিমানে করে পৃথিবী ভ্রমণের পরিকল্পনা ফেঁদেছেন। অভিযাত্রীর নাম বারট্রান্ড পিকার্ড। তিনি শুক্রবার তার পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান। উড়োজাহাজটির মূল নমুনায় জাম্বো জেটের মতো লম্বা দুটি ডানা থাকলেও এর ওজন একটি পারিবারিক কারের মতোই। উড়োজাহাজটি চারটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চলবে। এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিমানটির উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিগুলো ২৪ হাজার সৌর সেলের মাধ্যমে দিনে ও রাতে চলার মতো বাড়তি সৌরশক্তি সঞ্চয় করে রাখবে। জুরিখের কাছে ডুবেনডর্ফ এয়ার ফিল্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পিকার্ড বলেন, "গতকাল এটা ছিল স্বপ্ন। কিন্তু আজ এটা একটা জ্বলজ্যান্ত বিমান। আর আগামীকালই এটা হতে যাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি দূত।" তিনি আরও বলেন, "যদি একটি বিমান কোনও জ্বালানি ছাড়াই শুধু সৌরশক্তির সাহায্যে প্রপেলার ঘুরিয়ে দিনে-রাতে উড়তে পারে, তবে কেউই আর এমন দাবি করতে পারবে না যে, একই ঘটনা যানবাহন, এয়ার কন্ডিশন এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে অসম্ভব।" ১৯৯৯ সালেও পিকার্ড ইতিহাস গড়েন গ্যাস বেলুনে চড়ে কোথাও না থেমে পুরো পৃথিবী পরিভ্রমণ করে। তিনি আশা করছেন, পরীক্ষামূলকভাবে এ বছরের শেষ দিকে তিনি তার সৌরবিমানে রাতের উড়ান শেষ করবেন। তারপর তিনি এ বিমানে চড়ে পুরো সুইজারল্যান্ড পরিভ্রমণ করবেন ২০১০ সালে। ৫০ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান ৬ বছর ঘাম ঝরিয়ে সৌরবিমানটি তৈরি করেছেন। এর পেছনে অর্থ ঢেলেছে ডয়েশ ব্যাংক, ঘড়ি নির্মাতা ওমেগার মতো বড় বড় কোম্পানি। এ প্রকল্পে ৭০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৫৪২ ঘ.