ওয়াশিংটন, জুন ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- বৈশ্বিক উষ্ণতা কমাতে বিকল্প জ্বালানির সন্ধানে যুগান্তকারী জলবায়ু পরিবর্তন বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কলকারখানার দূষণ রোধের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থিত এ বিল শুক্রবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জিতে যায়।
ওবামার শীর্ষ অগ্রাধিকারের অন্যতম এ বিলটি কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হলে ২১৯-২১২ ভোটে পাশ হয়। রিপাবলিকানদের মাত্র আটটি ভোট ডেমোক্র্যাটরা নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়।
বিলটি পাসের ফলে যুক্তরাষ্ট্রের সেবাদান প্রতিষ্ঠান, তেল শোধনাগার, শিল্প কারখানাসহ বড় বড় কোম্পানিগুলোকে ২০২০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইডসহ বৈশ্বিক উষ্ণায়নে সহায়তাকারী গ্যাসের নিঃসরণ ১৭ ভাগ কমাতে হবে। আর ২০৫০ সালের মধ্যে হ্রাসের হার কমাতে হবে ৮৩ ভাগ। ২০০৫ সালের নিঃসরণের মাত্রাকেই এক্ষেত্রে মান ধরতে হবে।
তাই তাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে যা জ্বালানি কয়লা এবং তেলের চেয়ে পরিবেশকে কম উষ্ণ করে।
জ্বালানি ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান হেনরি ওয়্যাক্সম্যান বলেন,"বিজ্ঞানীরা আমাদের বলেছেন এখন আমাদের মধ্যে বিরাট ঐক্য দরকার। উষ্ণায়ন বাস্তব সত্য এবং এটা খুব দ্রুতই বাড়ছে।"
তিনি আরও জানান, এ বিল পাসের ফলে চাকরি নতুন ক্ষেত্র প্রস্তুত হবে এবং তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমবে।
কিন্তু রিপাবলিকানরা বলছে পুরো উল্টো কথা। তাদের মতে, এর মাধ্যমে পরিবেশের কোনও উন্নতি হবে না। এ বিল মন্দা কাটাতেও কোনও সহায়তা করবে না। চাকরির ক্ষেত্র প্রস্তুতের বদলে চাকরির বাজারকে তা আরও সংকুচিত করবে।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা তাই একে 'দি বিগেস্ট জব কিলিং বিল' হিসাবে আখ্যা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/এসকে/১৩০৬ ঘ.
bdnews24