লস এঞ্জেলেস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে শুক্রবার। কিন্তু তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থ হয়ে ধরাশায়ী হওয়ার আগে তিনি ইনজেকশনের মাধ্যমে নারকোটিক পেইনকিলার নিয়েছিলেন- এই ধরনের খবরে তার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়ে উঠছে।
লস এঞ্জেলেসের হোমবি হিলসে তার ভাড়াবাড়িতে বৃহস্পতিবার দুপুরের দিকে প্যারামেডিকরা এসে তাকে হৃদযন্ত্রের কার্যক্রম পুরোপুরি অচল অবস্থায় পান। ব্যক্তিগত চিকিৎসক সেসময় তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
৫০ বছর বয়সী পপসম্রাটকে দ্রুত পাশ্ববর্তী ইউসিএলএ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া। তার চেতনা আর ফিরে আসেনি। তিনি বেঁচে নেই বলে ঘোষণা দেন চিকিৎসকরা।
লস এঞ্জেলস কাউন্টি করোনার অফিসের (মৃতদেহের ময়নাতদন্ত সংক্রান্ত কার্যালয়) মুখপাত্র ক্রেইগ হার্ভে বলেছেন, "মৃত্যুর কারণ উদঘাটনে দেরি হবে, এর অর্থ পরীক্ষাকারীরা বিষজাতীয় পদার্থের প্রতিক্রিয়াসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।"
তিনি বলেন, "এসব পরীক্ষার ফলাফল পেতে আরও চার থেকে ছয়সপ্তাহ সময় লাগবে।"
করোনার অফিসের সামনে সমবেত একদল সাংবাদিককে হার্ভে ময়নাতদন্তের প্রাথমিক ফলাফলে জানান, "জ্যাকসনের শরীরে বাহ্যিক কোনো যন্ত্রণার আলামত বা কোনোরকমের সন্দেহজনক পদার্থের কার্যকারিতার চিহ্ন দেখা যায়নি।"
পুলিশ জানিয়েছে, তারা জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করবে। তিনি হিউস্টনভিত্তিক কার্ডিওলজিস্ট ডা. কনরাড মারি বলে জানা গেছে।
হার্ভে জানান, জ্যাকসনের পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনের জন্য মৃতদেহ রাখতে একটি হিমঘর পছন্দ করলেই তারা জ্যাকসনের দেহ তাদের কাছে হস্তান্তর করবে। কবে তাকে সমাহিত করা হবে তা এখনো জানা যায়নি।
টিএমজেড. কম নামে সেলিব্রেটিদের নিয়ে একটি ওয়েবসাইট জ্যাকসন পরিবারের এক সদস্যের নাম না জানিয়ে তার সাক্ষাৎকারের ভিত্তিতে জানিয়েছে, মারাত্মকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় আধঘণ্টা আগে জ্যাকসন ডেমেরোল নামের বেদনানাশক ইনজেকশন নিয়েছিলেন।
ওয়েবাসাইটি জানায়, জ্যাকসন দৈনিকভিত্তিতে ওই নারকোটিক পেইনকিলারের ইনজেকশন নিতেন এবং তার পরিবারের ধারণা, বেশিমাত্রার ওই ওষুধের প্রভাবেই জ্যাকসন মারা গেছেন।
গোয়েন্দারা জ্যাকসনের বাড়ির ভেতর থেকে মারির মার্সিডিজ গাড়িটি জব্দ করে বলেছে, গাড়িটি থেকে কোনোধরনের আলামত পাওয়া যেতে পারে।
জ্যাকসনের হঠাৎ মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই তার মৃত্যুর কারণ নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় মানুষের মধ্যে। সবার মনেই প্রশ্ন জাগে, এমন কী হলো যে বহু প্রতীক্ষিত লন্ডন কনসার্ট শুরুর মাত্র সপ্তাহ কয়েক আগে পপগুরু এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন?
শিশুশিল্পী থেকে সর্বকালের অন্যতম সেরা পপতারকায় পরিণত হওয়া জ্যাকসন সব সময়েই মিডিয়ার পাতা দখল করে রেখেছিলেন তার অদ্ভুত জীবনাচরণ দিয়ে।
জ্যাকসন পরিবারের মুখপাত্র ব্রায়ান অক্সম্যান বৃহস্পতিবার সিএনএনকে জানান, জ্যাকসনের পরিবার তার অসুস্থতা সম্পর্কে জানতো এবং তারা কয়েক মাস ধরে চেষ্টা করেছে জ্যাকসনকে সারিয়ে তুলতে।
জুলাইয়ে লন্ডনে অনুষ্ঠেয় জ্যাকসনের ৫০টি কনসার্টের প্রস্তুতি সম্পর্কে অক্সম্যান বলেন,"রিহার্সেলের ব্যাপারে মাইকেল খুবই সিরিয়াস ছিলেন। তিনি বেশ কয়েকবার রিহার্সেলও করেছিলেন।"
তিনি আরও বলেন," জ্যাকসন ঠিক মতোই ওষুধপত্র খাচ্ছিলেন, মঞ্চে পড়ে গিয়ে পা ভাঙ্গার ইনজুরিও সেরে আসছিল।"
করোনার অফিস থেকে এর আগে জানানো বিষবিদ্যার রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এ রিপোটের্ই জ্যাকসনের দেহে মাদক, অ্যালকোহল অথবা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবনের কোনো প্রভাব ছিল কি না সে সম্পর্কে জানা যাবে।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগের গোয়েন্দারা ইতোমধ্যে জ্যাকসনের বাড়ি খানাতল্লাশি করেছে। কিন্তু তারা এই অভিযানকে 'নৈমিত্তিক ঘটনা' বলে অভিহিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১১৯ ঘ.
bdnews24