২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসন শোকে আচ্ছন্ন বিশ্ব

মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর বিশ্বের সব পত্রিকা, রেডিও, টেলিভিশন আর সামাজিক নেটওয়ার্কিংয়ের সাইটগুলো দখল করে নিয়েছে। 'পপ সম্রাট' এবং 'এলভিসের সহজাত উত্তরাধিকার' খ্যাত জ্যাকসনের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লস এঞ্জেলেস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর বিশ্বের সব পত্রিকা, রেডিও, টেলিভিশন আর সামাজিক নেটওয়ার্কিংয়ের সাইটগুলো দখল করে নিয়েছে। 'পপ সম্রাট' এবং 'এলভিসের সহজাত উত্তরাধিকার' খ্যাত জ্যাকসনের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা বিশ্ব। অদ্ভুত জীবনাচরণ এবং যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে মাঝে মাঝেই খবর হওয়া ৫০ বছরের জ্যাকসনকে বৃহস্পতিবার লস এঞ্জেলেস হাসপাতালে নেওয়ার পর তিনি রাত দুটো ২৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। "পপ সম্রাট মারা গেছেন। সঙ্গীতের জন্য এ এক কালো দিন।" টুইটার মেসেজ সাইটে এই শোক উক্তি জনি ভারগোজার । জ্যাকসন লন্ডনে আয়োজিত তার কনসার্টের প্রস্তুতি নিচ্ছিলেন। এটি অনুষ্ঠিত হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার আকস্মিক মৃত্যুতে হতভম্ব অনলাইনে শোকবার্তা পাঠানো আরও অনেকেই। বিতর্কিত জীবনাচরণ এবং ২০০৫ সালে শিশু যৌন নির্যাতনের অভিযোগে তার বিচার এবং মুক্তির পরও জ্যাকসনের কনসার্টে সাড়ে ৭ লাখ টিকিট বিক্রির ঘটনা মানুষের মনে তার দীর্ঘস্থায়ী আবেদনেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। 'থ্রিলার' থেকে ' বিলি জিন' এবং 'রক উইথ ইউ' থেকে 'দ্য ওয়ে ইউ মেক মি ফিল' পর্যন্ত জ্যাকসন ছিলেন সুপার ডুপার হিট। স্থানীয় রাজনীতি কিংবা বৈশ্বিক বিষয় আশয়ের খবরও অগুরুত্বপূর্ণ হয়ে উঠছে জ্যাকসনের মৃত্যুতে। এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে ইউরোপ সমস্ত ওয়েবসাইটেই জ্যাকসনই এখন শিরোনাম। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রথম পাতার আটকলাম হেডলাইন 'দ্য কিং অব পপ ইজ ডেড।' নিচে পাতাজুড়ে মাইকেল জ্যাকসনের ছবি। জাপানের ২১ বছরের কলেজছাত্রী রিনা মাসাওকা বলেন,"ডায়ানার মৃত্যুর মতোই জ্যাকসনের মৃত্যুও বেদনাদায়ক।" ৫০ বছর ধরে রেডিও জকি হিসাবে কাজ করা হংকংয়ের রে করডিইরো বলেন, "জ্যাকসন ছিলেন 'জিনিয়াস' এবং আমাদের জীবদ্দশায় খ্যাতনামা ব্যক্তিত্ব।" সাবেক বিটল সদস্য পল ম্যাককার্টনি বলেন, "এ বড় বেদনার। আমি তার সঙ্গে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সে ছিল শুভ আত্মার এক অসাধারণ প্রতিভাধর ছেলে। তার সঙ্গীত অমর হয়ে থাকবে।" বৃহস্পতিবার বেশ কিছু ভক্ত জ্যাকসনের ছেলেবেলার বাড়ি গ্যারিতে শেষ শ্রদ্ধা জানাতে যায়, যেখান থেকে জ্যাকসন বহুকাল আগেই চলে এসেছিলেন। ভাষ্যকাররা জ্যাকসনের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে বিশ্বজোড়া তার খ্যাতি এবং সঙ্গীত প্রতিভার ওপরই আলোকপাত করেছেন। 'দ্য গার্ডিয়ান' এ রিচার্ড উইলিয়াম লিখেছেন," মানুষ হিসাবে সব বাজে দিক সত্ত্বেও জ্যাকসন তার প্রজন্মের সেরা বিনোদন তারকা। সাবেক শিশু অভিনেতা এবং জ্যাকসনের শিশুদের গডফাদার মার্ক লিসটার বলেন, "কয়েক দিন আগেও আমি মাইকেলের সঙ্গে কথা বলেছি। সব কিছু নিয়েই তিনি ছিলেন দারুণ খুশি। কঠিন পরিশ্রম করছিলেন আর লন্ডনের কনসার্ট নিয়ে ছিলেন ভীষণ উত্তেজিত।" এরই মধ্যে তার চিরবিদায়ে স্কাই নিউজ বলেছে, "এটা অবিশ্বাস্য।" জ্যাকসনের বেশ কিছু সফল রেকর্ডিংয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কুইন্সি জোন্স সঙ্গীত অঙ্গন থেকে জ্যাকসনকে সম্মান জানিয়ে বলেন, "এমন বেদনাবিধুর খবরে আমি একেবারেই ভেঙে পড়েছি।" পপস্টার ম্যাডোনা বলেন, "দুঃখজনক এ খবর শোনার পর থেকে আমি আর কান্না থামাতে পারছি না। আমি সবসময়ই মাইকেলের ভক্ত ছিলাম। বিশ্ব একজন মহান সঙ্গীত শিল্পীকে হারালো, কিন্তু জ্যাকসনের সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে।" জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী কার্ল থিওডোর জু গুটেনবার্গ জ্যাকসনকে মহান শিল্পী আখ্যা দিয়ে বলেন,"তার জীবনের শেষটা ছিল ট্র্যাজিক। তাই তার মৃত্যুতে কেবল জীবনের শেষক'টি বছর নয়, গোটা জীবনটাই হিসাবে আনা হোক-- এটিই আমার প্রত্যাশা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৯৩১ ঘ.