২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজকে গ্রেপ্তার করতে পাকিস্তানকে বলবে ভারত

ভারত পাকিস্তানের প্রতি মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে গ্রেপ্তারের আহ্বান জানাবে। ভারতের একটি আদালত মঙ্গলবার হাফিজসহ ২২ পাকিস্তানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই আহ্বান জানাতে যাচ্ছে নয়াদিল্লি। একজন কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

নয়াদিল্লি, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত পাকিস্তানের প্রতি মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে গ্রেপ্তারের আহ্বান জানাবে। ভারতের একটি আদালত মঙ্গলবার হাফিজসহ ২২ পাকিস্তানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই আহ্বান জানাতে যাচ্ছে নয়াদিল্লি। একজন কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন। গত নভেম্বরে মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম হিসেবে পাকিস্তানের জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজকে চিহ্নিত করেছে মুম্বাইয়ে একটি আদালত। ২৬ নভেম্বরের ওই হামলায় ১৭৫ জন নিহত হয়। হামলার প্রায় একমাস পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি হাফিজ ও তার দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়াকে আল-কায়েদা ও তালেবানদের সঙ্গে সম্পর্কিত বলে ঘোষণা করলে পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে গৃহবন্দি করে। কিন্তু অভিযুক্ত করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকার যুক্তি দেখিয়ে পাকিস্তানের একটি আদালত এ মাসের গোড়ার দিকে তাকে মুক্তির আদেশ দেয়। ভারত এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। মুম্বাই থেকে কৌঁসুলি উজ্জ্বল নিকাম রয়টার্সকে বলেন, "ভারতের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় পাকিস্তানের পক্ষে হাফিজকে গ্রেপ্তারের সুযোগ তৈরি হল।" টেলিফোনে তিনি বলেন, "আমরা এই পরোয়ানা তামিল করতে ইন্টারপোলের সাহায্য চাইব এবং পাকিস্তানি পুলিশকে তা বাস্তবায়ন করতে বলব।" তিনি জানান, ভারত মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে যে ৩৮ জনকে অভিযুক্ত করেছে হাফিজ তাদের একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৩ ঘ.