২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কঠোর হাতে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি গার্ডবাহিনীর

ইরানে পুলিশ সোমবার একটি বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দেশটির কট্টর বিপ্লবী গার্ডবাহিনী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের বিরুদ্ধে 'দাঙ্গাকারীদের' দমন করতে মাঠে নামার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

তেহরান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে পুলিশ সোমবার একটি বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দেশটির কট্টর বিপ্লবী গার্ডবাহিনী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের বিরুদ্ধে 'দাঙ্গাকারীদের' দমন করতে মাঠে নামার ঘোষণা দিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরান সরকারের প্রতি বেসামরিক লোকজনের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন। নির্বাচনপরবর্তী বিক্ষোভ দমনে নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী তেহরানের বাসিন্দারা সোমবার রাত নেমে এলে বাড়ির ছাদে উঠে 'আল্লাহু আকবর' ধ্বনি দিতে থাকে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের সময় প্রথম এরকম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছিল তেহরান। এখন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে চলমান আন্দোলনে আবার এই স্লোগান ধ্বনিত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী নেতা ও নির্বাচনে দ্বিতীয় স্থান পাওয়া মীরহোসেন মুসাভির সমর্থকরা তেহরানের হাফৎ-ই তির চত্বরে সমবেত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় 'প্রেস টিভি' জানায়, তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। অধিবাসীরা জানান, পুলিশ ও ধর্মীয় মিলিশিয়া বাসিজ রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি তার বাসার বারান্দা থেকে দেখেছেন, একদল বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করলে বাসিজ মিলিশিয়ারা তাদের টেনেহিঁছড়ে পাশের একটি বাড়িতে ঢোকায়। সেখান থেকে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। মুসাভি রোববারও তার সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সোমবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা "বিশেষ করে বেসামরিকদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ঘটনায়" হতাশ। ১২ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচনের আহমাদিনেজারে প্রধান প্রতিদ্বন্দ্বী মীরহোসেন মুসাভি ও তার সমর্থকেরা এ ফল মেনে না নিয়ে পুনরায় ভোটের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ করে আসছে। এ ধরনের এক বিক্ষোভে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, বান "কর্তৃপক্ষকে মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিশেষ করে মতপ্রকাশ, সমাবেশ করার এবং তথ্য পাওয়ার স্বাধীনতার প্রতি প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।" সেইসঙ্গে আরও বলা হয়েছে, "তিনি গ্রেপ্তার, হুমকি প্রদান এবং শক্তি ব্যবহার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।" এছাড়াও বান ইরানি সরকার ও বিরোধী দলকে আলোচনা ও আইনি উপায়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩২৮ ঘ.