ইসলামাবাদ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু না হতেই প্রায় ৪০ হাজার পাকিস্তানি বাড়িঘর ছেড়ে সরে পড়তে শুরু করেছে। তারা সরকারি আশ্রয়কেন্দ্রে না গিয়ে দূরের গ্রামবাসী ও আত্মীয়স্বজনের ওপর নতুন করে শরণার্থী-বোঝা টানার চাপ বাড়াচ্ছে।
জাতিসংঘের কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানে তালেবানদের বিরুদ্ধে সেনাঅভিযান শুরুর পর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছে। মে মাসের গোড়ার দিকেই সবচেয়ে বেশি মানুষ উদ্বাস্তু হয়। জাতিসংঘ এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় এড়াতে ৫৪৩ মিলিয়ন ডলার তহবিলের আবেদন জানিয়েছে।
জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক বিশেষ দূত আবদুল আজিজ আরুকবান রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত ওই আবেদনের ৩৫ শতাংশ পূরণ হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হতে যাওয়ায় জরুরিভিত্তিতে ওই আহ্বানের বিষয়ে তাগাদা দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৭ ঘ.
bdnews24