২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার জাহাজে গণবিধ্বংসী অস্ত্র থাকলে ব্যবস্থা নেব: সিঙ্গাপুর

সিঙ্গাপুর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নজরবন্দি উত্তর কোরিয়ার জাহাজ গণবিধ্বংসী অস্ত্র নিয়ে তাদের বন্দরের দিকে অগ্রসর হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গাপুর সরকার শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সিঙ্গাপুর, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিঙ্গাপুর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নজরবন্দি উত্তর কোরিয়ার জাহাজ গণবিধ্বংসী অস্ত্র নিয়ে তাদের বন্দরের দিকে অগ্রসর হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গাপুর সরকার শনিবার একথা জানিয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, "সিঙ্গাপুর গণবিধ্বংসী অস্ত্রসহ এ সংশ্লিষ্ট উপাদানের বিস্তার এবং সরবরাহের পদ্ধতিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে।" একারণেই নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের নজরে থাকা উত্তর কোরিয়ার 'কাং ন্যাম' জাহাজে গণবিধ্বংসী অস্ত্র বহনের অভিযোগ সত্য হলে সিঙ্গাপুর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুখপাত্র। নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং পরমাণু উপাদানসহ উত্তর কোরিয়ার কোনও ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। ঊর্ধ্বতন সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, জাহাজটি দৃশ্যত সিঙ্গাপুরের দিকে এগুচ্ছে। ফক্স নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, জাহাজটি ধ্বংসের নির্দেশ পাওয়ামাত্র তাতে আঘাত হানতে প্রস্তুত রাখা হচ্ছে ডেস্ট্রয়ার 'ইউএসএস'। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যস্ত ব্যবসায়িক বন্দর। তবে সিঙ্গাপুর সরকারী এজেন্সিগুলো জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষের এক সূত্র বলেছে, "জাহাজটি সিঙ্গাপুরে আসছে কিনা আমরা জানি না।" এটি সিঙ্গাপুরের সমুদ্রবন্দরের জন্য নিরাপত্তা হুমকি। কাং ন্যাম জাহাজটি বুধবার উত্তর কোরিয়ার বন্দর ছেড়ে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্র থাকার সন্দেহে এর ওপর নজর রেখেছে। উত্তর কোরিয়া পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তেজনা বাড়ানোর পর আরোপিত নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় এই জাহাজটিই প্রথম যুক্তরাষ্ট্রের নজরবন্দি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৭ ঘ.