তেহরান, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অভিযোগ খতিয়ে দেখছেন কর্মকর্তারা। এ সপ্তাহ শেষেই তারা তদন্তের ফল ঘোষণা করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি রোববার একথা জানিয়েছেন।
ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভিতে এক মন্তব্যে মোত্তাকি বলেন, "নির্বাচনে সংগঠিত ও সমন্বিত বাধা এবং অনিয়মের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।"
তিনি বলেন, কর্মকর্তরা অভিযোগগুলো খতিয়ে দেখছে। এ সপ্তাহ শেষে তদন্ত শেষ হলে ফল ঘোষণা করা হবে।
অভিযোগ তদন্তকারী বলতে মোত্তাকি সম্ভবত ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ানর কাউন্সিলকেই বুঝিয়েছেন। এই কাউন্সিল নির্বাচনে পরাজিত প্রার্থীদের অভিযোগগুলো খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.
bdnews24