২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী হামলায় ৭৩ ইরাকি নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে শনিবার আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হয়েছে। পুলিশ রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 05:25 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

বাগদাদ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে শনিবার আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হয়েছে। পুলিশ রোববার একথা জানিয়েছে। কিরকুক প্রদেশের পুলিশের ডেপুটি চীফ কমান্ডার মেজর জেনারেল তুরহান আব্দুল রহমান বলেছেন, নিহতের সংখ্যা ৬৭ থেকে বেড়ে গেছে। তাছাড়া বিস্ফোরণে ৪৫ টি বাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তুপ থেকে আরও লোকজনকে টেনে বের করে আনা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। গত এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা। গত বছরের মার্চ মাসে বাগদাদে দুটি বোমা হামলায় ৬৮ জন নিহত হয়েছিল। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সহিংসতার মাত্রা বাড়তে পারে- প্রধানমন্ত্রী নুরি আল মালিকির এই সতর্কবার্তার কিছুক্ষণ পরই কিরকুকে এ হামলা হল। শিয়া মুসলমান অধ্যুষিত তাজা শহরে একটি মসজিদের পাশে এ ট্রাক বোমা হামলা হয় বলে জানিয়েছেন কিরকুকের গভর্নর আব্দুল রহমান মুস্তাফা। তিনি জানান, নারী ও শিশুসহ ৬৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণে ৩০টি মাটির বাড়ি বিধ্বস্ত হওয়ায় ২০০ এরও বেশি ব্যক্তি আহত হয়েছেন। মুস্তাফা বলেন, "কিরকুক প্রদেশের জন্য বিশেষ করে তাজা শহরের জন্য এটি একটি বিপর্যয়।" বোমা বিস্ফোরণে আহত হুসেইন নামহাত (৩৫) বলেন, "আমি আমার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে শক্তিশালী একটি বোমা বিস্ফোরিত হয়। এরপরই আমার সারা শরীরে রক্ত দেখতে পাই এবং দৌঁড়ে বাইরে চলে আসি। আমার প্রতিবেশীরা চাপা পড়ে গেছে।" আহতদের কিরকুকের আজাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/এলকিউ/১১৩২ ঘ.