২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আংশিক ভোট পুনর্গণনায় প্রস্তুত গার্ডিয়ান কাউন্সিল

ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, তারা প্রেসিডেন্ট নির্বাচনের ১০ ভাগের এক ভাগ ভোট পুনরায় গণনার জন্য প্রস্তুত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

তেহরান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, তারা প্রেসিডেন্ট নির্বাচনের ১০ ভাগের এক ভাগ ভোট পুনরায় গণনার জন্য প্রস্তুত রয়েছে। ১২ সদস্য বিশিষ্ট গার্ডিয়ান কাউন্সিলের একজন মুখপাত্র শনিবার এ বিষয়ে বলেন, "আইনগতভাবে বাধ্য না হলেও আমরা তিনজন প্রার্থীর প্রতিনিধির সামনে (ব্যালট) বাক্সের ১০ শতাংশ পুনরায় গণনা করতে প্রস্তুত।" অনুমতি না পেয়ে শনিবার পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছেন পরাজিত প্রার্থী মেহেদি কারুবি। স্থানীয় সময় বিকেল চারটায় তেহরানে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে নির্বাচন নিয়ে বিক্ষোভ দমনে রাজধানী তেহারানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে একজন পুলিশ কমান্ডার বলেন, ১২ জুনের নির্বাচন নিয়ে রাজপথে আর কোনও বিক্ষোভ তার সেনারা কঠোর হাতে দমন করবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মীরহোসেন মুসাভি ও আরেক পরাজিত প্রার্থী মেহেদি কারুবি বলেছেন, তারা নতুন করে নির্বাচন চান, ভোটের আংশিক পুনর্গণনা চান না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের তীব্র সমালোচনা করে বলেন, "আজ ইরানি জাতির শান্ত থাকা দরকার।" তিনি বলেন, "ইরানের শত্র"রা নির্বাচনের ফলকে বিতর্কিত করে ইসলামিক দেশটির বৈধতাকেই আক্রমণের লক্ষ্যবস্তু করছে।" খামেনি এর আগেও ইরানের জনগণকে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সমর্থনে এক হওয়ার আহ্বান জানান। নির্বাচনে পরাজিত তিন প্রার্থী মুসাভি, কারুবি ও মোহসেন রেজায়েকে তাদের অভিযোগ নিয়ে শনিবার এক বিশেষ বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছিল গার্ডিয়ান কাউন্সিল। তবে এ বৈঠকে মোহসেন রেজায়ে ছাড়া অন্য কেউ উপস্থিত হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২১৩৭ ঘ.