আমস্টারডাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এক কিশোরের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হলেও শেষ রক্ষা হল না ডাচ যমজ ভাইদের।
ছিনতাইয়ের সময় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের একটি গাড়ি ওই এলাকায় ছবি তুলছিল। মানচিত্র তৈরির জন্য গুগলের তোলা ওই ছবি দেখেই পরে ছিনতাইকারী দুই ভাইকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডাচ পুলিশ।
পুলিশ জানায়, গত সেপ্টেম্বরে ১৪ বছরের ওই কিশোরের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১৬৫ ইউরো ছিনতাই করে তারা।
পুলিশের মুখপাত্র বলেন, "ওই অপরাধ করার ঠিক কয়েক মুহূর্ত আগে গুগুল সেখানকার ছবি তুলছিল।"
মার্চে গুগলের চিত্র দেখে নিজেকে ও দুই লুণ্ঠনকারীকে সনাক্ত করে ওই কিশোর।
পুলিশের তদন্তের পর ২৪ বছর বয়সী যমজদের একজন ছিনতাইয়ের অভিযোগ স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৪৮ ঘ.
bdnews24