ভীমপুর, ভারত, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কাছে মাওবাদীদের 'মুক্ত' অঞ্চল ঘোষিত লালগড় পুনর্দখলের প্রাণান্তকর চেষ্টা চলছে। মাওবাদী বিদ্রোহীদের গুলি এবং ভূমিমাইনের মুখে শুক্রবার পুলিশ ও আধা সামরিক বাহিনী লালগড়ের দিকে অগ্রসর হয়েছে।
কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরের শহর লালগড়ের চারপাশের আদিবাসী এলাকা থেকে পুলিশের পিছু ধাওয়া করেছে শত শত মাওবাদী।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলদ্বীপ সিং টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "আমরা খুবই সাবধানে এগোচ্ছি। লালগড়ে ঢুকতে মোটেও তাড়াহুড়ো করছি না আমরা। লালগড় পুনর্দখল করতে আমাদের আরও সময় লাগবে। এ মূহূর্তে আমরা শহরটি থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছি।"
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাওবাদীদের সমর্থনে শত শত গ্রামবাসী লাঠিসোটা, কুড়াল, তীর ধনুক নিয়ে পুলিশের অগ্রযাত্রা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার গ্রামবাসীদের মানবঢাল ভেঙে মাওবাদীদের দখলে থাকা লালগড়ের দিকে এগুতে পুলিশ টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে।
সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে আসা মাওবাদীরা এ সপ্তাহে ১০ সরকার সমর্থককে হত্যা করেছে। এ ঘটনা মাওবাদীদের দাপট বেড়ে যাওয়ারই লক্ষণ।
কমিউনিস্টরা তিন দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। কিন্তু জঙ্গলের ঘাঁটি থেকে লড়াই চালিয়ে আসা মাওবাদীরা গ্রামবাসীদের সমর্থন আদায় করে নিয়েছে।
এ সপ্তাহে মাওবাদী বিদ্রোহিরা আদিবাসী গ্রামবাসীদের সহায়তায় লালগড়ে পুলিশ ও সরকার সমর্থকদের বিরুদ্ধে সহিংস হামলা চালায়। রাস্তা খুঁড়ে এবং গাছ কেটে তারা ওই অঞ্চলকে অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
মাওবাদীরা লালগড়কে 'মুক্ত' অঞ্চল ঘোষণার পর শত শত আদিবাসী নারী-পুরুষ লাঠিসেটা, কুড়াল এবং তীর ধনুক নিয়ে লালগড়ের গ্রামগুলো পাহারায় রয়েছে।
ভারতের তৃতীয় বৃহত্তম স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'জেএসডব্লিউ স্টিল লিমিটেড' লালগড়ের কাছে ৭ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলারের স্টীল প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করেছে।
রাষ্ট্রপরিচালিত ভারী ইঞ্জিনিয়ারিং ফার্ম 'এন্ড্রু ইউলে'র প্রধান কালোল দত্ত বলেছেন, "পরিস্থিতি বিপজ্জনক।" তিনি বলেন, "এ মুহূর্তে নিরাপত্তাটাই হচ্ছে উদ্বেগের ব্যাপার। একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন।"
রাজ্যের এক ঊর্ধ্বন কর্মকর্তা বলেছেন, "মাওবাদীরা নারী ও শিশুদেরকে পুলিশী ব্যবস্থার বিরুদ্ধে মানবঢাল হিসাবে ব্যবহারের চেষ্টা করছে। রাজ্যের চীফ সেক্রেটারি অশোক মোহন চক্রবর্তী বলেছেন,"এটি অমানবিক এবং বিপজ্জনক। নারীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে টেনে আনা হচ্ছে। আমি তাদেরকে গণমাধ্যমের মধ্য দিয়ে সতর্ক করে দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলািকউ/১৭১৭ ঘ.
bdnews24