তেহরান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয়কে সমর্থন করে নির্বাচনের ফল নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের তীব্র সমালোচনা করেছেন। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি সমর্থকদের ছয়দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের পর তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই ভাষণে খামেনি বলেন, "আজ ইরানি জাতির শান্ত থাকা দরকার।" (আরও তথ্যসহ-১)
তিনি বলেন, "ইরানের শত্র"রা নির্বাচনের ফলকে বিতর্কিত করে ইসলামিক দেশটির বৈধতাকেই চ্যালেঞ্জ করছে।" নির্বাচনের ফল নিয়ে বিক্ষোভ বন্ধ করার দাবি জানান খামেনি।
তিনি বলেন, "নির্বাচনের ফল ব্যালট বাক্স থেকে এসেছে। রাস্তা থেকে নয়। আজ ইরানি জাতির শান্ত থাকা দরকার।"
খামেনি আরও বলেন, "রাজনীতিবিদদের উগ্রপন্থা পরিহার করা উচিত। তাদের উগ্র আচরণের কারণে রক্তক্ষয়ের জন্য তারাই দায়ী হবে।" রাজপথে বিক্ষোভ করে কর্তৃপক্ষকে পরাজিত প্রার্থীদের অবৈধ দাবি মেনে নিতে চাপের মুখে ফেলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "আর কোনও রক্তক্ষয় হলে বিক্ষোভকারী নেতাদেরকেই সরাসরি দায়ী করা হবে।"
নির্বাচনের ফল নিয়ে বিদেশিদের প্রশ্নকে ইরানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেন খামেনি।
তিনি বলেন, "মানবাধিকার এবং জনগণের ওপর কড়াকড়ি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ, মানবাধিকার সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। ইরাক, আফগানিস্তান এবং বিশ্বের অন্যান্য অংশে তারা যা করেছে এরপর তো আর নয়ই। মানবাধিকার সম্পর্কে তাদের কাছ থেকে আমাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই।"
খামেনির ভাষণ শুনতে তেহরান বিশ্ববিদ্যালয়ে সমবেত হয় হাজার হাজার ইরানি। তাদের কারো কারো গায়ে ইরানের পতাকা জড়ানো, হাতে আহমাদিনেজাদের ছবি-- আবার কারো হাতে ছিল পশ্চিমা-বিরোধী স্লোগান লেখা কাগজ।
বিশ্ববিদ্যালয়ের বাইরের রাস্তায়ও ছিল উপচে পড়া জনতার ভিড়। তারা খামেনি, আহমাদিনেজাদ এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পোস্টার নিয়ে স্লোগান দেয়। আকাশে চক্কর দিচ্ছিল পুলিশের হেলিকপ্টার। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে এক ইরানি জাভিদ আব্বাসিরাদের উক্তি, "আহমাদিনেজাদ ৪ বছর আমাদের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তিনি সবসময়ই জনগণকে সত্যকথা বলে এসেছেন।"
খামেনি এর আগে ইরানের জনগণকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থনে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু মীরহোসেন মুসাভি সে আহ্বান উপেক্ষা করে এসেছেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেছে মুসাভি সমর্থকরা।
বৃহস্পতিবার মুসাভির হাজার হাজার সমর্থক কালো পোশাক পরে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে সহিংস বিক্ষোভে নিহতদের জন্য শোক পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের জন্য মুসাভি তার সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ এবং মসজিদে মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানানোর পর লোকজন বৃহস্পতিবার তেহরানের কেন্দ্রস্থলে ইমাম খোমেনি চত্বরে সমবেত হয়।
শোক মিছিলে সমবেত লোকজনদের হাতে ছিল 'আমাদের ভাইয়েরা কোথায়?', 'তাদের মারা হল কেন ?' লেখা ব্যানার।
ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে নির্বাচনে ফল ঘোষণার পর থেকে সহিংস বিক্ষোভে ৮ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শতাধিক সংস্কারবাদী। নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার বিরোধীদলীয় রাজনীতিবিদ ইব্রাহিম ইয়াজদিকেও গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24