ইয়াঙ্গুন, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে জেলে আটকবস্থার মধ্যেই শুক্রবার বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির ৬৪ তম জন্মদিন পালিত হয়েছে। বিশ্বব্যাপী সু চির সমর্থকরা এদিন তার বিচারের নিন্দা জানানোসহ মিয়ানমার জান্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
জন্মদিনে ইনসেইন কারাগারে সু চির সঙ্গে কয়েকজন দর্শনার্থীকে দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী নিয়ান উইন। উইন কয়েকজন অতিথি নিয়ে সু চির জন্মদিন পালন করতে তার জন্য কিছু উপহার এবং খাবার নিয়ে যাওয়ার কথাও জানান। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদস্যরা বেলুন এবং পায়রা উড়িয়ে জন্মদিন পালন করে।
গত ২০ বছরের মধ্যে প্রায় ১৪ বছরই আটক থাকা সু চির জন্মদিন পালন মিয়ানমারে কয়েক দশকের সামরিক শাসন অবসানের জন্য দেশে-বিদেশে প্রচারাভিযান পরিচালনাকারীদের কাছে বার্ষিক প্রথায় পরিণত হয়েছে।
এ বছর বাড়িতে মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন ভঙ্গের অভিযোগে সু চির বিচার নিয়ে আন্তর্জাতিক নিন্দা-সমালোচনার মধ্যে তার জন্মদিনটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিচারে সু চি শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হবেন বলেই মনে করা হচ্ছে।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের রাজধানীতে মিয়ানমার দূতাবাসের বাইরে বিক্ষোভের পরিকল্পনা করেছে বিক্ষুব্ধ লোকজন।
অনলাইনে এক প্রচারাভিযানে সু চিকে সমর্থন দিয়ে বার্তা পাঠিয়েছে হাজার হাজার মানুষ। সু চির জন্য শুভ কামনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সেলিব্রেটিরা।
ব্রিটেনে 'বিটেল' এর সাবেক পপ তারকা পল ম্যাককার্টেনি এক বার্তায় লিখেছেন, "সু চি তার দেশ এবং বাদবাকী বিশ্বের অনুপ্রেরণা।"
লন্ডনে 'ব্রিটিশ ফরেইন অফিস মিনিস্টার' আইভান লুইস বলেছেন, "উদ্ভট এবং মিথ্যা অভিযোগে সু চির বিচার করা হচ্ছে।" তিনি সাংবাদিকদের বলেন, "ব্রিটেন মনে করে আরও সুনির্দিষ্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়ানো যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৩ ঘ.
bdnews24