২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে একটি হ্রদের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ মিলেছে

একটি লম্বা ও গভীর গিরিখাত, তার দুপাশে তটরেখা- মঙ্গলপৃষ্ঠে এখনো বিদ্যমান হৃদের এটি সুস্পষ্ট প্রমাণ। দেখে মনে হয়, ইতিমধ্যেই শুকিয়ে গেছে বলে ধরে নেওয়া গ্রহটির এ হ্রদ পানিতে টইটম্বুর ছিল একসময়। নতুন পাওয়া ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা বুধবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ওয়াশিংটন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটি লম্বা ও গভীর গিরিখাত, তার দুপাশে তটরেখা- মঙ্গলপৃষ্ঠে এখনো বিদ্যমান হৃদের এটি সুস্পষ্ট প্রমাণ। দেখে মনে হয়, ইতিমধ্যেই শুকিয়ে গেছে বলে ধরে নেওয়া গ্রহটির এ হ্রদ পানিতে টইটম্বুর ছিল একসময়। নতুন পাওয়া ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা বুধবার এ কথা জানিয়েছেন। গ্রহটি প্রদক্ষিণরত 'মারস রিকনিয়েসেন্স অরবিটারে' থাকা শক্তিশালী ক্যামেরায় তোলা ওই ছবি ইঙ্গিত দিচ্ছে, একসময় পানিতে পূর্ণ ছিল ৩০ মাইল লম্বা গিরিখাতটি। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি দল জিওফিজিক্যাল রিসার্স লেটার্স সাময়িকীতে লিখেছে, গিরিখাতটি ১৫০০ ফুট গভীর ও ৮০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত থাকতে পারে। মঙ্গলপৃষ্ঠে বা এর ভেতরে যে পানি আছে সে ব্যাপারে কারোই ভিন্নমত নেই। গ্রহটিতে নামানো রোবোটিক যানগুলো বরফের সন্ধান পেয়েছে। গ্রহটির গর্ভ থেকে এখনো হয়তো পানি চুইয়ে ওপরে ওঠে- এমন প্রমাণও বিজ্ঞানীরা পেয়েছেন যদিও প্রচণ্ড ঠাণ্ডা ও পাতলা গ্যাসীয় আবরণের কারণে সে পানি দ্রুত উবে যায়। নতুন পাওয়া ছবিতে গ্রহবিজ্ঞানীরা এমন কিছুও দেখেছেন যা বিশাল নদী ও সাগরের তীর হতে পারে। তবে তা শুকনো ভূমিধসের ফলে সৃষ্টি হয়েছে এই যুক্তিও দিয়েছেন কোনো কোনো বিজ্ঞানী। গবেষক দলের প্রধান গায়েতানো দি অ্যাকিলি বলেছেন, "সেগুলো যে মঙ্গলের তটরেখার প্রমাণ তাতে কোনো সন্দেহ নেই।" "তটরেখাগুলো সনাক্ত ও ভূতাত্ত্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আমরা হ্রদটির আকার ও ব্যাপ্তির হিসাব করেছি। মনে হচ্ছে ৩ শ ৪০ কোটি বছর আগে হ্রদটি সৃষ্টি হয়েছিল।" প্রাণের অস্তিত্বের মূল হচ্ছে পানি, এবং বিজ্ঞানীরা লোহিত গ্রহ মঙ্গলে বর্তমানের বা অতীতের প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। "পৃথিবীতে বদ্বীপ বা হ্রদগুলো অতীত প্রাণের নমুনার চমৎকার সংরক্ষণাগার। মঙ্গলে নতুন সন্ধান পাওয়া বদ্বীপ থেকেও এর অতীত জৈব ইতিহাস জানা যাবে।" বলেন অ্যাকিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৩ ঘ.