ওয়াশিংটন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয়, গাড়ি শিল্পকে রক্ষায় কোটি কোটি ডলার ঢালাসহ প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যান্য অর্থনৈতিক নীতিমালা নিয়ে ভোটাররা উদ্বিগ্ন হয়ে উঠেছে। বুধবার প্রকাশ করা দুটি জনমত জরিপে এই চিত্র ফুটে উঠেছে।
গত জানুয়ারিতে ক্ষমতায় আসা ওবামা আমেরিকানদের কাছে এখনো জনপ্রিয়, তবে তার সার্বিক কাজের প্রতি জনগণের অনুমোদনের হার এপ্রিলের তুলনায় ৫ শতাংশ কমে গিয়ে ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। এনবিসি/ওয়াল স্ট্রিটের জরিপে এই ফলাফল পাওয়া গেছে।
তবে ৫৮ শতাংশ উত্তরদাতা বলেছে, ওবামা ও কংগ্রেসের উচিত বাজেট ঘাটতি কমানোর দিকে মনোযোগ দেওয়া। এতে অর্থনীতি পুনরুদ্ধারে দেরি হলেও তাই করা উচিত তাদের। কংগ্রেসের বাজেট অফিসের হিসাব অনুযায়ী ফেডারেল বাজেট ঘাটতি এই অর্থবছরে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে যাবে হবে এ যাবৎকালের রেকর্ড।
৭০ শতাংশ বলেছে, জেনারেল মোটরের আংশিক মালিকানা কেনার ওবামার সিদ্ধান্ত এবং স্বাস্থ্যসেবা খাতে সরকারের আরও অংশগ্রহণের সম্ভাবনাসহ অর্থনীতিতে ফেডারেল সরকারের হস্তক্ষেপের ঘটনায় তারা চিন্তিত।
তবে মাত্র ৩৭ বলেছে, ওবামা অনেক বিষয় নিয়ে কথা বলছেন। ৬০ শতাংশের মত হচ্ছে, যুক্তরাষ্ট্র অনেক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে বলেই ওবামাকে অনেক বেশি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫৪ ঘ.
bdnews24