মাদ্রিদ, ১৭ জুন, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে মার্কিন বন্দিশিবিরের ৩ থেকে ৫ বন্দিকে নিতে পারে স্পেন। এল পাইস পত্রিকা বুধবার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা বলেছে।
মাদ্রিদে স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যানিয়েল ফ্রাইডের। বৈঠকে গুয়ান্তানামো বন্দিদের সরিয়ে নেওয়ার সম্ভাব্য স্থানের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
কিন্তু এল পাইসে প্রতিবেদনে স্পেনের বন্দি নেওয়ার উল্লিখিত সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেনি স্পেন কিংবা মার্কিন পররাষ্ট্রবিভাগ কেউই।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, "স্পেন যুক্তরাষ্ট্র সরকারের প্রস্তাব আগ্রহসহকারে পড়ে দেখবে এবং আন্তর্জাতিক ও স্থানীয় আইনের আওতায় গুয়ানতানামো ইস্যু সমাধানে সহায়তা করার চেষ্টা করবে।"
এল পাইস জানিয়েছে, বন্দিদের নিরাপত্তা বিধানের খরচ কে দেবে। স্পেনের সঙ্গে পূর্ব কোনও যোগসূত্র কোন বন্দির নেই এবং কোন বন্দি দেশে অবাধে চলাফেরার সুযোগ পেতে পারে---- স্পেন কর্তৃপক্ষ এসব নিয়ে আলোচনা করতে চায়।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন সোমবার জানিয়েছিল, তাদের সদস্য রাষ্ট্রগুলো গুয়ানতানামো থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনে প্রস্তুত। ইতালি গুয়ান্তানামো বে'র তিন বন্দিকে নিতে রাজি হয়েছে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বন্দি নির্যাতানের অভিযোগে গুয়ানতানামো বন্দিশিবির নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছিল। যুক্তরাষ্ট্রের হৃত ভাবমূর্তি পুনরুদ্ধারে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ওই শিবিরটি এক বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ঘ.
bdnews24