লন্ডন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপে ঝরনার জলে বিচরণ করা স্টিকলব্যাক নামের ছোট একটি মাছের মানুষের মতো শেখার ক্ষমতা আছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন।
কয়েক জাতের মধ্যে পিঠে নয়কাঁটার স্টিকলব্যাক মাছ অন্য মাছের আচরণের পার্থক্য দেখে অভিজ্ঞতার নিরিখে বুঝতে পারে কোন খাবারের মান ভাল। বিজ্ঞানীরা মনে করছেন, স্টিকলব্যাকই প্রাণিকূলের মধ্যে প্রথম মানুষের মতো সামাজিক-শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ কৌশল রপ্ত করার মতো ক্ষমতা দেখাল।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের জেরেমি কেনডাল বলেছেন, "ছোট মাছের মস্তিষ্ক হয়তো ছোট কিন্তু শেখা-বোঝার বিস্ময়কর ক্ষমতা আছে তাদের।"
সেন্ট এন্ড্রুস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের সঙ্গে মিলে কেনডাল পরীক্ষা চালিয়ে দেখেছেন, ৭৫ শতাংশ স্টিকলব্যাক মাছই অন্য মাছদের পর্যবেক্ষণ করেই বুঝতে পারে জলাধারে সেরা খাবারভর্তি পাত্র কোনটি। যদিও ওই পাত্রের খাবারের স্বাদ আগে পায়নি স্টিকলব্যাক।
'বিহ্যাভিয়োরাল ইকোলোজি' নামের সাময়িকীকে বিজ্ঞানীরা লিখেছেন, স্টিকলব্যাক সামাজিকভাবে শেখার উন্নতমানের দক্ষতা প্রদর্শন করেছে যা এখন পর্যন্ত অন্যপ্রাণীদের মধ্যে দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩৯ ঘ.
bdnews24