জেরুজালেম, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি নিয়ে শিগগিরি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যে চুক্তির আওতায় সুনির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ইহুদি বসতি এলাকায় বসতিস্থাপন চালিয়ে যেতে পারবে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য দূতের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু বলেছেন, "নতুন বসতির জন্য টেন্ডার দিয়ে দেওয়ায় এবং কিছু কিছু জায়গায় বাড়ি নির্মাণ শুরু হয়ে যাওয়ার কারণে ইসরায়েল সরকারের তা বন্ধ করে দেওয়ার আইনি ক্ষমতা নেই।"
ওয়াশিংটনে ইসরায়েলের নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত মাইকেল ওরেন রয়টার্সকে বলেন, "খুব শিগগিরিই আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারব বলে আমি আস্থাশীল। এতে করে আমরা ইহুদিবসতি স্থাপন ইস্যুটিকে একপাশে সরিয়ে রেখে শান্তি প্রক্রিয়ার অন্যান্য আরও বস্তুনিষ্ঠ ইস্যু নিয়ে সামনে এগিয়ে যেতে পারব।"
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাপের মুখে নেতানিয়াহু এ সপ্তাহে জনসম্মুখে প্রথমবারের মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার আভাস দিলেও তিনি এর পেছনে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। ওদিকে. পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন পুরোপুরি বন্ধের ওবামার দাবি মানতেও অস্বীকৃতি জানিয়ে আসছেন নেতানিয়াহু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ ঘ.
bdnews24