২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের উত্তরাধিকার হিসেবে ছোট ছেলের চীন সফর

উত্তর কোরীয় নেতা কিম জং ইলের কনিষ্ঠ ছেলে গত সপ্তাহে গোপনে চীন সফর করেছেন এবং দেশের শাসনভার পরিচালনার জন্য তিনি পরিবারের উত্তরাধিকার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে চীনা নেতাদের জানানো হয়েছে। জাপানের আসাহি সংবাদপত্র মঙ্গলবার এতথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 06:51 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

টোকিও, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরীয় নেতা কিম জং ইলের কনিষ্ঠ ছেলে গত সপ্তাহে গোপনে চীন সফর করেছেন এবং দেশের শাসনভার পরিচালনার জন্য তিনি পরিবারের উত্তরাধিকার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে চীনা নেতাদের জানানো হয়েছে। জাপানের আসাহি সংবাদপত্র মঙ্গলবার এতথ্য জানিয়েছে। আসাহির প্রতিবেদনে সংবাদসূত্রের পরিচয় প্রকাশ না করে জানানো হয়েছে, কিম জং-আন জুনের ১০ তারিখের দিকে চীনে গিয়ে প্রেসিডেন্ট হু জিনতাও ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্লেষকরা বলেছেন, অসুস্থ হয়ে পড়া দেশটির নেতা কিম জং ইল তার ছোট ছেলেকে উত্তরাধিকার মনোনীত করার লক্ষ্যে দেশবাসীর কাছে নিজের শক্ত অবস্থান জাহির করার চেষ্টা চালাচ্ছেন। গত ২৫ মে পরমাণু পরীক্ষাসহ অন্যান্য আগ্রাসী কর্মকাণ্ড দেশবাসীকে উদ্দেশ্য করেই পরিচালিত হয়েছে। আসাহি জানিয়েছে, জং আনের একজন সহযোগী চীনা কর্মকর্তাদের জানিয়েছেন, জং আনকে তার বাবার শাসন ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ পদেও আছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জং আনের চীন সফরের খবরটি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কিম জং ইলের তৃতীয় ছেলে জং আন সুইজারল্যান্ডে পড়াশুনা করেছেন। ১৯৮৩ অথবা ১৯৮৪ সালে তার জন্ম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫৪ ঘ.