সউল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করা এবং প্লুটোনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার ক্ষুব্ধ হয়ে শনিবার এই হুমকি দিয়েছে পিয়ংইয়ং।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা উত্তর কোরিয়াকে একঘরে করার চেষ্টা করলে তারা সামরিক ব্যবস্থা নিতেও পিছপা হবে না বলে জানিয়ে দিয়েছে।
পরমাণু পরীক্ষা চালানোর পাল্টা ব্যবস্থা হিসাবে গত শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাস করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি নিষিদ্ধ ও সেখানে অস্ত্র রপ্তানিও প্রায় পুরোপুরি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সমুদ্র, স্থল ও আকাশ পথে উত্তর কোরিয়ার মালামাল পরিবহনের ওপর নজররাখা ও পরিদর্শন; এবং নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে প্রমাণ পেলে মালামাল জব্দ ও ধ্বংস করারও অনুমতি দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং পরমাণবিক অস্ত্র স্থাপনায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও অস্ত্রে প্লুটোনিয়াম ভরার কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, উত্তর কোরিয়ার একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড খুবই দুঃখজনক।
কানাডায় এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "সবাই এখন তাদের ধিক্কার জানাচ্ছে, এতে করে তারা আরও একঘরে হয়ে পড়ল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩০৫ ঘ.
bdnews24