ইয়াঙ্গুন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার অন্ততপক্ষে দু'সপ্তাহ পিছিয়েছে আদালত। সু চির আইনজীবী শুক্রবার একথা বলেছেন।
২৬ জুনে আবার ইয়াঙ্গুন জেলা আদালতে সু চির মামলার শুনানি শুরু হবে। সু চির বাড়িতে জন ইয়েত্তা নামক এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় জান্তা সরকার সু চির বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে।
ইয়াঙ্গুন আদালত সুচির দুই সাক্ষীর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলেও আইন বিশেষজ্ঞ খিন মোয়ে মোয়েকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপণের অনুমতি দিয়েছে। মামলায় সাক্ষ্য দিতে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য থেকে মোয়ে মোয়ে এসে না পৌঁছানো পর্যন্ত শুনানি মুলতবি রাখার অনুরোধ জানান সু চির আইনজীবীরা।
সু চির আইনজীবী নিয়ান উইন সাংবাদিকদের বলেন, "মোয়ে মোয়ে আসতে দেরী থাকায় আমরা বাড়তি কয়েকদিন বিচারকাজ মুলতবি রাখার অনুরোধ জানিয়েছি।"
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সাং সুচি (৬৩) মনে করেন, আগামী বছর অনুষ্ঠেয় বহুদলীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্যই ক্ষমতাসীন জান্তা তার বিচার শুরু করেছে। সু চির আইনজীবী নিয়ান উইন বুধবার একথা বলেছেন।
অভিযোগ প্রমাণিত হলে সু চিকে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
৪ মে মার্কিন নাগরিক জন ইয়েত্তা হ্রদ সাঁতরিয়ে পার হয়ে সুচির বাড়িতে অবস্থান নেন বলে অভিযোগ করেছে মিয়ানমার জান্তা সরকার। পরে মিয়ানমারের অভ্যন্তরীন নিরাপত্তা আইনের ২২ ধারায় সুচির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২১ ঘ.
bdnews24