২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে স্বতঃস্ফুর্ত ভোট, প্রতিদ্বন্দ্বী দুপক্ষেরই জয় দাবি

ইরানের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে ভোটাররা। বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদই ক্ষমতায় থাকবেন নাকি মধ্যপন্থি তিন প্রতিদ্বন্দ্বীর কাউকে ক্ষমতায় বসানো হবে সে রায় দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় তারা। নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি করেছে আহমাদিনেজাদ ও তার প্রধান প্রতিপক্ষ মীরহোসেন মুসাভির মিত্ররা। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে ভোটাররা। বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদই ক্ষমতায় থাকবেন নাকি মধ্যপন্থি তিন প্রতিদ্বন্দ্বীর কাউকে ক্ষমতায় বসানো হবে সে রায় দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় তারা। নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি করেছে আহমাদিনেজাদ ও তার প্রধান প্রতিপক্ষ মীরহোসেন মুসাভির মিত্ররা। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে আরও বেশি মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে স্থানীয় সময় দু'ঘন্টা বাড়ানোও হয়। ভোটের পরপরই মীরহোসেন মুসাভির এগিয়ে থাকার দাবি করেন তার মিত্র সাদেহ খারাজি। রয়টার্সকে তিনি বলেন, মধ্যপন্থি মুসাভি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পরাজিত করার পথে রয়েছেন। জরিপে দেখা গেছে, প্রথম দফায় জয়লাভের জন্য মুসাভিই যথেষ্ট ভোট পাচ্ছেন। তিনি বলেন, জরিপে দেখা গেছে, মুসাভি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পাচ্ছেন। তবে আহমাদিনেজাদের উপদেষ্টা এই দাবিকে 'মনস্তাত্বিক যুদ্ধ' বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ভোটের ফল অনুমান করা অসম্ভব। আহমাদিনেজাদের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি আলী আসগর জারেই বলেন, আহমাদিনেজাদও একই পর্যায়ের জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। আধা-সরকারি মেহের সংবাদ সংস্থা একথা জানিয়েছে। তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মীরহোসেন মুসাভিই প্রচারণায় এগিয়ে ছিলেন। আহমাদিনেজাদের অর্থনৈতিক নীতিমালার কট্টর সমালোচনকারী এবং পশ্চিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মুসাভির পক্ষে প্রচারণার শেষ দিন হাজার হাজার ইরানি তেহরানের রাজপথে মিছিল করেছে। নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের নবসূচনা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মুসাভি জিতলে ইরানে পশ্চিমের বিনিয়োগ সম্ভাবনা বাড়বে। ৭ কোটি জনসংখ্যার দেশটিতে স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়। ভোটারের সংখ্যা চার কোটি ৬০ লাখ। শনিবার সকাল থেকে প্রাথমিক ফল পাওয়া যাবে। শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীর সুস্পষ্ট বিজয় নিশ্চিত না হলে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ১৯ জুন পুনরায় নির্বাচন হবে। মুসাভির ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট প্রাপ্তির দাবির প্রতিক্রিয়ায় আহমাদিনেজাদের উপদেষ্টা আলী আকবর জাভানফেকর বলেছেন, "তারা কিভাবে এই ধারণা করে? এটি একটি মনস্তাত্বিক যুদ্ধ। ভোটের ফলকে প্রভাবিত করতে তারা এটি শুরু করেছে।" ওদিকে, পল্লী অঞ্চলের শক্তিশালী জনসমর্থন নিয়ে আহমাদিনেজাদ তেহরানে ভোট দেওয়ার পর বলেন, "জনগণের বলিষ্ঠ, বিপ্লবী এবং সুস্পষ্ট সিদ্ধান্ত দেশে ও জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের কেন্দ্রগুলোতে ভোটদানের সরাসরি চিত্র দেখিয়ে বলা হয়, রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিচ্ছেন।" সকালে রাষ্ট্রীয় বেতারে ঘোষণা দেওয়া হয়: "দেশের দশম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া হচ্ছে।" ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটি দশম প্রেসিডেন্ট নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/২১৫৪ ঘ.