প্যারিস, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এয়ার ফ্রান্স এখনো নিশ্চিত নয়, ত্র"টিপূর্ণ গতিনির্ণয় যন্ত্রই আটলান্টিকে তাদের বিমানটি বিধ্বস্তের জন্য দায়ী কি না। তবে পূর্ব-সাবধানতা হিসেবে এয়ার লাইনটি ইতিমধ্যেই তাদের সব দূরপাল্লার এয়ারবাস বিমানের পুরনো গতিনির্ণয়ের সেন্সর বদলে ফেলতে শুরু করেছে। সংস্থাটির প্রধান বৃহস্পতিবার একথা বলেছেন।
এয়ার ফ্রান্সের প্রধান নির্বাহী পিয়েরে-অঁরি গরজিয়ঁ প্যারিসে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার কারণে এয়ার ফ্রান্সে তীব্র শোক বিরাজ করছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছিল তার আরও তথ্য এক সপ্তাহের মধ্যে পাওয়া যাওয়ার আশা করছেন তিনি।
এয়ার ফ্রান্সের এয়ারবাস এ৩৩০ বিমানটি ব্রাজিলের রিউ ডি জেনিরো থেকে গত ১ জুন প্যারিস যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হলে ২২৮ আরোহীর সবাই নিহত হয়। ব্রাজিলীয় সেনাবাহিনীর তল্লাশি দল ইতিমধ্যে সাগর থেকে ৪১টি মৃতদেহ এবং বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।
দুর্ঘটনা তদন্তে নিয়োজিত একজন বিশেষজ্ঞ বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমহূর্তে বিমানটি থেকে কয়েকবার এর গতির ত্র"টিপূর্ণ পরিমাপ পাওয়া গিয়েছিল। এতে এই ধারণা সৃষ্টি হয়েছে যে, পাইলট সম্ভবত ওই ভুল নির্দেশে বিমানটি চালনা করায় দুর্ঘটনা ত্বরান্বিত হয়।
অঁরি গরজিয়ঁ বলেন, "আমি এখনো নিশ্চিত নই যে গতির সেন্সরের জন্যই ওই দুর্ঘটনা ঘটেছে।"
বুধবার থেকে 'সনার' যন্ত্রপাতিসজ্জিত একটি ফরাসি সাবমেরিন আটলান্টিকে বিমানটির ব্ল্যকবক্সের সন্ধানে নেমেছে।
বিধ্বস্ত বিমানটির ফ্লাইট রেকর্ডার 'ব্ল্যাকবক্স' খুঁজে বের করায় সহায়তা করতে গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত সাবমেরিন এমারুয়েড আটলান্টিকের ব্রাজিল উপকূলের উদ্দেশে যাত্রা করে। ব্ল্যাকবক্সটি আটলান্টিকের গভীর তলদেশে ডুবে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি উদ্ধার করা সম্ভব হলে বিমানটির দুর্ঘটনায় পড়ার অনেক কারণই জানতে পারার আশা করা হচ্ছে।
ফ্রেঞ্চ সেনাবাহিনীর একজন মুখপাত্র, ক্রিস্টোফ প্রাজুক জানান, এমারুয়েড ৩৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকে তল্লাশি শুরু করবে।" তিনি জানান, প্রতিদিনই তল্লাশি এলাকা পরিবর্তিত হতে পারে।"
ব্ল্যাকবক্সের হদিশ পাওয়া গেলে সন্ধান তৎপরতায় আগে থেকে যোগ দেওয়া ফরাসি অভিযাত্রার ও জরিপ জাহাজ পরকুই পাস থেকে রোবোটিক ডুবরিযান নামিয়ে সেটি তুলে আনার চেষ্টা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩২ ঘ.
bdnews24