পেশোয়ার, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশোয়ারে পার্ল হোটেলে ট্রাকবোমা বিস্ফোরণের আগে নিরাপত্তা ক্যামেরায় জঙ্গিদের নিরাপত্তা চৌকি পার হয়ে ভেতরে ঢোকার যে চিত্র দেখা গেছে তাতে পাকিস্তানের অনিরাপত্তারই বহিপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার রাতে ভয়াবহ ওই জঙ্গি হামালায় ১৫ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।
রয়টার্স জানিয়েছে নিহতদের একজন জাতিসংঘের কর্মী। জঙ্গিরা ট্রাকবোমার বিষ্ফোরণ ঘটানোর পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্র থেকেও গুলি চালায়। ক্লোজড সার্কিট ক্যামেরায় জঙ্গিদের হামলার দৃশ্য পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
হোটেলের প্রবেশপথে ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে নিউজ চ্যানেলগুলো। এতে এক সাইকেল আরোহীকে নিরাপত্তা প্রহরীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরপর ওই প্রহরী তার কেবিনে ফিরে যায়। পরে সাইকেল আরোহীর কথায় হোটেলের প্রবেশপথের ধাতব প্রতিবন্ধক নামানো হয়। এ সময় একটি সেলুন কার ভেতরে প্রবেশ করে এবং একটু থেমে প্রবেশপথের বাধা পেরিয়ে হোটেলে ঢোকে। এর সঙ্গে সঙ্গেই হোটেলে প্রবেশ করে একটি ছোট ট্রাক।
জঙ্গিরা গুলি চালালে একজন প্রহরীকে দৌড়ে যেতে দেখা যায়। বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে এক আত্মঘাতী জঙ্গি লবির সামনে বিস্ফোরণ ঘটায়। হোটেলের নিরাপত্তাকর্মীরা এই তথ্য জানিয়েছে।
হোটেলের কিছু কর্মচারীই নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকতে হামলাকারীদের সাহায্য করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন ঊর্ধ্বতন প্রদেশিক মন্ত্রী বশির বিলোর।
তিনি বলেন, "কর্মচারীর সহায়তা ছাড়া কোনও যানবাহন হোটেলের ভেতরে ঢুকতে পারে না। এখানে কেউ না কেউ জড়িত আছে বলেই আমি মনে করি।"
বিস্ফোরণে হোটেল ভবনের সামনের অংশ ধসে পড়ে এবং পুরো হোটেলের জানালার কাচ চূর্ণবিচুর্ণ হয়ে ছড়িয়ে পড়ে।
নগরীর প্রধান প্রশাসক সাহেবজাদা আনিস ঘটনার পরপরই জানান, পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক কর্মীও রয়েছেন। তিনি সার্বিয়ার নাগরিক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ট্রাকবোমায় ৫০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। গত বছর ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে একই পরিমাণ বিস্ফোরকভর্তি ট্রাক বোমার হামলায় ৫৫ জন নিহত হয়েছিল।
হোটেলের ওয়েটার আলী খান রয়টার্সকে বলেছেন, "আমি হোটেলের চীনা রেস্তোরাঁয় ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি, তারপর বিস্ফোরণে সব অন্ধকারে ঢেকে যায়। লোকজন চিৎকার করে চারদিকে ছোটাছুটি করতে থাকে।"
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা সোয়াত অভিযানের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে। সেনাবাহিনী এপ্রিলে সোয়াত উপত্যকায় অভিযান শুরু করার পর থেকে জঙ্গিরা বিভিন্ন নগরীতে হামলা জোরদার করেছে।
সোয়াত অভিযানে ১৩০০ জঙ্গি এবং ১০৫ সেনা নিহত হয়েছে।
বুধবার সেনাবাহিনী বান্নু জেলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে। ওয়াজিরিস্তান সংলগ্ন জেলায় প্রায় ৮০০ জঙ্গি অনুপ্রবেশের পর সেনারা বান্নুতে অভিযান শুরু করে।
সোয়াত অভিযান শেষ হলে সেনারা আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের মতো এলাকাগুলোতে তালেবান জঙ্গি দমনে নামবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24