২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ফ্রান্সের বিমানটির ব্ল্যাকবক্সের সন্ধানে নেমেছে সাবমেরিন

শব্দ-সংকেত ধরার 'সনার' যন্ত্রপাতিসজ্জিত একটি ফরাসি সাবমেরিন বুধবার আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিমানটির ব্ল্যাকবক্স সন্ধান তৎপরতায় যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

প্যারিস, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শব্দ-সংকেত ধরার 'সনার' যন্ত্রপাতিসজ্জিত একটি ফরাসি সাবমেরিন বুধবার আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিমানটির ব্ল্যাকবক্স সন্ধান তৎপরতায় যোগ দিয়েছে। বিধ্বস্ত বিমানটির ফ্লাইট রেকর্ডার 'ব্ল্যাকবক্স' খুঁজে বের করায় সহায়তা করতে গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত সাবমেরিন এমারুয়েড আটলান্টিকের ব্রাজিল উপকূলের উদ্দেশে যাত্রা করে। ব্ল্যাকবক্সটি আটলান্টিকের গভীর তলদেশে ডুবে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি উদ্ধার করা সম্ভব হলে বিমানটির দুর্ঘটনায় পড়ার অনেক কারণই জানতে পারার আশা করা হচ্ছে। ফ্রেঞ্চ সেনাবাহিনীর একজন মুখপাত্র, ক্রিস্টোফ প্রাজুক বলেছেন, "এমারুয়েড ৩৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকে তল্লাশি শুরু করবে।" তিনি জানান, প্রতিদিনই তল্লাশি এলাকা পরিবর্তিত হতে পারে।" ব্ল্যাকবক্সের হদিশ পাওয়া গেলে সন্ধান তৎপরতায় আগে থেকে যোগ দেওয়া ফরাসি অভিযাত্রার ও জরিপ জাহাজ পরকুই পাস থেকে রোবোটিক ডুবরিযান নামিয়ে সেটি তুলে আনার চেষ্টা করা হবে। ২২৮ জন আরোহী নিয়ে ফ্রান্সের এয়ারবাস এ৩৩০ বিমানটি ব্রাজিলের রিউ ডি জেনিরো থেকে গত ১ জুন প্যারিস যাওয়ার সময় আটলান্টিকের ওপর হারিয়ে যায়। এর সব আরোহীই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলীয় সেনাবাহিনীর তল্লাশি দল ইতিমধ্যে ৪১টি মৃতদেহ এবং বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০৩ ঘ.