মায়েসট, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--মিয়ানমারে কারেন গেরিলাদের বিরুদ্ধে সেনা অভিযানের মুখে থাইল্যান্ডে পালিয়ে গেছে প্রায় ১,৮০০ জাতিগত কারেন। এদের বেশির ভাগই নারী ও শিশু। থাইল্যান্ডের এক সেনা কমান্ডার সোমবার একথা বলেছেন।
৩ জুনে কারেন শিবিরের কাছে লড়াই শুরুর পর মিয়ানমারের পূর্বাঞ্চল থেকে পালিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে ১,৭৪১ জাতিগত কারেন। থাই লেফটেন্যান্ট জেনারেল থানোংসাক অফিরাকিয়োথিন একথা জানিয়েছেন। থানোংসাকের বাহিনী থাইল্যান্ডের পশ্চিম সীমান্তের দায়িত্বে নিয়োজিত।
সাংবাদিকদের তিনি বলেন, "তারা মিয়ানমার সেনাবাহিনীর হাতে ধরা পড়া কিংবা কাজ করতে বাধ্য হওয়ার ভয়ে পালিয়ে এসেছে। শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু।"
মিয়ানমারের সেনাবাহিনী ৩ জুন থেকে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সোমবারও অভিযান চালিয়েছে সেনারা। কেএনইউ এর কমান্ডার কায়াও নি রয়টার্সকে একথা জানিয়েছেন।
কেএনইউ মিয়ানমারের সবচেয়ে বড় বিদ্রোহি দল। পূর্ব মিয়ানমারে স্বাধীনতার দাবিতে তারা গত ৬০ বছর ধরে লড়াই করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.
bdnews24