ইসলামাবাদ, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে। গ্রামবাসীদের নিয়ে গঠিত ৫০০ সদস্যের মিলিশিয়া বাহিনী 'লস্কর' শনিবার থেকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে তিনটি গ্রাম থেকে তাদের বিতাড়িত করেছে এবং অন্য দুটি গ্রামে জঙ্গিদেরকে অবরুদ্ধ করেছে।
তালেবানদের বিস্তার ঠেকাতে সেনাবাহিনী একমাসেরও বেশি সময় ধরে সোয়াত উপত্যকায় অভিযান চালিয়ে আসছে। এর জবাবে তালেবানরাও বোমা হামলা জোরদার করেছে। সোয়াতের কাছে আপার দির জেলায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার ৪০ জন নিহতের ঘটনায় তালেবানরাই জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ওই হামলায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা লস্কর মিলিশিয়া গঠন করে। আপার দির জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা আতিউর রেহমান বলেন, "মিলিশিয়া যোদ্ধারা তালেবানদেরকে তিনটি গ্রাম থেকে হটিয়ে দিয়েছে। আরও দুটো গ্রামে তালেবানদেরকে অবরুদ্ধ করেছে তারা।
রেহমান টেলিফোনে রয়টার্সকে বলেন, "১৫০ জঙ্গি সেখানে প্রতিরোধ হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।" তবে তিনি বলেন, গ্রামবাসীরা ভাল করছে। তারা তালেবানদেরকে কোনঠাসা করে ফেলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24