২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সহিংসতায় করাচি এখন নৈরাজ্যের শহর

পাকিস্তানের করাচিতে প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সহিংসতায় গত এক সপ্তাহে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

করাচি, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সহিংসতায় গত এক সপ্তাহে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। দল দুটির একে অপরের ওপর হামলা ও পাল্টা হামলা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার চেষ্টায় পুলিশের অভিযানে এই কর্মী নিহত হয়েছে। তবে এর জেরে পাকিস্তানের প্রধান বন্দর ও পুঁজিবাজারের নগরটির রাজপথে বড়ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। গত এক সপ্তাহ ধরে সহিংসতা সত্ত্বেও পাকিস্তানের প্রধান পুঁজিবাজার করাচি স্টক এক্সচেঞ্জ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সহিংসতা বাড়তে থাকলে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া পুঁিজবাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক কোটি ৬০ লাখ জনসংখ্যার নগরটিতে প্রধান রাজনৈতিক শক্তি মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও দলটি ভেঙে গঠন হওয়া মোহাজির কওমি মুভমেন্ট তথা হাকিকি গ্র"পের মধ্যে এই সংঘাত-সংঘর্ষ চলছে। করাচির পুলিশ প্রধান ওয়াশিম আহমেদ রয়টার্সকে বলেন, এ মাসেই রোববার পর্যন্ত হামলায় ২৬ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই হাকিকি গ্র"পের। অন্য কয়েকজন পুলিশ অফিসার জানান, সোমবার আরও পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুতাহির আহমেদ বলেছেন, "রাজনৈতিক দল-উপদলগুলোর নেতৃত্ব ও নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ভেঙে পড়ায় করাচি এখন পুরোপুরি নৈরাজ্যকর নগরীতে পরিণত হয়েছে।" পশ্চিমাবাহিনী করাচি হয়েই আফগানিস্তানে রসদ ও সরঞ্জাম পাঠিয়ে থাকে তাই এর নৈরাজ্যদশার কারণে সরবরাহ পথটির নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৫ ঘ.