অসলো, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সামগ্রিক মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি গড়তে অবিলম্বে আলোচনা চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন দূত জর্জ মিশেল সোমবার একথা বলেছেন।
মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়া মিশেল বলেন, এ ধরনের আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল ও এর প্রতিবেশীদের মধ্যে সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা ও সম্পর্ক স্বাভাবিক করা। এতে করে যুক্তরাষ্ট্রের স্বার্থও রক্ষা হবে।
ফিলিস্তিনের জন্য নরওয়ের রাজধানীতে দাতা সম্মেলনের শুরুতে মিশেল সাংবাকিদের বলেন, "সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করানোর পরিবেশ তৈরির জন্য প্রেসিডেন্ট আমাকে সবরকম চেষ্টা চালিয়ে যেতে বলেছেন।"
মিশেল বলেন, "দাতা সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, ফিলিস্তিন কর্তৃপক্ষকে সমর্থন দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্রিক সমাধানে পৌঁছানোর পথ প্রশস্ত করা।"
তিনি বলেন, ফিলিস্তিনে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের দক্ষতা গড়ে ওঠাটা গুরুত্বপূর্ণ যাতে করে আগে আগেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬০৪ ঘ.
bdnews24