২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে নির্বাচন, হিজবুল্লাহ-মার্কিন সমর্থিত জোটের হাড্ডাহাড্ডি লড়াই

লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও এর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে জনগণ। ভোটগ্রহণ শুরু হয় সকাল থেকেই। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার সদস্য। ২৬ টি নির্বাচনী জেলায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

বৈরুত, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও এর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে জনগণ। ভোটগ্রহণ শুরু হয় সকাল থেকেই। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার সদস্য। ২৬ টি নির্বাচনী জেলায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে আগামী চার বছরের জন্য। খ্রিষ্টান ভোটারদের ভোটেই নির্বাচনের ফল নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে। খ্রিষ্টান ভোটাররা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। তাদের অনেকেই প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সমর্থন দিচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে কোন খ্রিষ্টান রাজনীতিবিদরা নির্বাচিত হচ্ছেন ভোটের ফল তার ওপরই নির্ভর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈরুত ও অন্যান্য এলাকায় ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। প্রতিপক্ষের সমর্থকদের পার্টির লাল টি শার্ট পরে ভোটারদেরদের মধ্যে প্রার্থীদের নামের তালিকা বিলি করে ভোট চাইতে দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াদ বারুদ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। ভোটার সংখ্যাও অনেক বেশি ছিল বলে জানান তিনি। ভোটের প্রথমিক ফল ঘোষণার কথা রোববার দিনশেষেই। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মূলত যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন 'মার্চ ১৪' জোট এবং এর প্রতিপক্ষ ইরান-সিরিয়া সমর্থিত হিজবুল্লাহ'র নেতৃত্বাধীন ব্লকের। হিজবুল্লাহ গেরিলাদের ভাগ্য নির্ধারণ এবং প্রতিবেশী দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ রয়েছে। ক্ষমতাসীন জোটের নেতৃত্বে রয়েছেন সুন্নি রাজনীতিবিদ সাদ আল হারিরি। তাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ অন্যান্য দেশ। এই জোট লেবাননে সিরিয়ার প্রভাবের বিরোধিতা করে আসছে। ২০০৫ সালে লেবাননে সিরিয়ার আধিপত্য অবসান এবং হারিরি হত্যাকান্ডের পর মার্কিন-সমর্থিত জোট ক্ষমতায় আসলেও হিজবুল্লাহ ও এর মিত্রদের সঙ্গে সহিংস ক্ষমতার লড়াইয়ের মুখে তারা সংগ্রাম করে ক্ষমতা টিকিয়ে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৯ ঘ.