সউল, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালানোর মতো পরিকল্পনাও। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা সামরিক সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে রোববার এ খবর দিয়েছে।
শনিবার প্রেসিডেন্ট লি মায়ুং বাকের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এর দেওয়া পরিকল্পনার লিখিত বিবরণে বলা আছে, উত্তর কোরিয়া পশ্চিম উপকূলের বিরোধপূর্ণ সমুদ্রসীমায় দক্ষিণের যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে দক্ষিণ কোরিয়াও পাল্টা হামলা চালাবে।
এতে বলা হয়, আকস্মিক এই পরিকল্পনার আওতায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে একযোগে হামলা চালানো হবে।
মে মাসের শেষ দিকে উত্তর কোরিয়া পরমাণু বোমা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সতর্কতার মাত্রা বাড়ায়।
জুনে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী পশ্চিম উপকূলের কাছে সমুদ্রসীমায় নিয়ন্ত্রিত-ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ মোতায়েন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ ঘ.
bdnews24