২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ফ্রান্সের বিমানটি খুবই ধীরগতিতে উড়ছিল

এয়ার ফ্রান্সের বিমানটি সোমবার আটলান্টিক মহাসাগরে ধ্বংস হওয়ার আগে খুবই ধীরগতিতে উড়ছিল। দুর্ঘটনার তদন্তের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র উদ্ধৃত করে ফরাসি সংবাদপত্র লা ম্যঁদে বৃহস্পতিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

প্যারিস, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এয়ার ফ্রান্সের বিমানটি সোমবার আটলান্টিক মহাসাগরে ধ্বংস হওয়ার আগে খুবই ধীরগতিতে উড়ছিল। দুর্ঘটনার তদন্তের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র উদ্ধৃত করে ফরাসি সংবাদপত্র লা ম্যঁদে বৃহস্পতিবার একথা বলেছে। পত্রিকাটি বলেছে, বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের এ৩৩০ বিমান ব্যবহারকারী কোম্পানিগুলোকে খারাপ আবহাওয়ার সময় এই বিমানের গতিবেগ কতটা কমানো যাবে তার একটি নির্দেশানা দিতে যাচ্ছে। তবে এয়ারবাস পত্রিকাটির দেওয়া এই তথ্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। এদিকে, স্পেনের একটি পত্রিকা জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া বিমানের একজন পাইলট এয়ার ফ্রান্সের বিমানটি নিখোঁজ হওয়ার একইসময়ে একটি উজ্জ্বল সাদা আলোর ঝলকানি দেখার কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন। এল মানদো পত্রিকা লিখেছে, "লিমা থেকে মাদ্রিদগামী এয়ার কমেটের একটি ফ্লাইটের পাইলট তার সংস্থাকে বলেছেন, 'হঠাৎ আমরা দূরে সাদা আলোর একটি তীব্র ঝলকানি খাড়াভাবে নিচের দিকে নেমে যেতে দেখি। ঝলকানিটি ৬ সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়।" মাদ্রিদভিত্তিক এয়ারলাইনটি একজন মুখপাত্রও এই রিপোর্টটির ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বুধবার আটলান্টিক মহাসাগরের ৫৫ মাইলের বেশি এলাকা জুড়ে বিমানটির আরও ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা। এতে বিমানটি আকাশেই ভেঙে পড়ার ধারণা আরও জোরদার হচ্ছে। ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিম জানান, বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ায় বিমানটিতে বোমা হামলা বা বিস্ফোরণের অনুমান নাকচ করে দেয়। ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তেলের ওইভাবে ছড়িয়ে থাকা বিমানটিতে আগুন লাগা বা বিস্ফোরণের ধারণাকে হয়তো বাতিল করে দেয়।" তিনি আরও বলেন, "তেল ছড়িয়ে থাকার মানে এটাতে আগুন ধরেনি।" বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বজ্রঝড়ের ঘূর্ণাবত্যে পড়ে অথবা ভেতরে বাতাসের চাপ কমে যাওয়ায় এয়ার ফ্রান্সের এ ৩৩০ এয়ারবাসটি আটলান্টিকে পড়ে গেছে। এয়ার ফ্রান্সের এ বিমানটি রোববার ২২৮ জন আরোহী নিয়ে রিও ডি জেনিরো থেকে প্যারিসের উদ্দেশে যাওয়ার সময় আটলান্টিকে হারিয়ে যায়। ব্রাজিল নৌ বাহিনীর দুটি উদ্ধার জাহাজ ঘটনাস্থলে পৌঁছলেও বুধবার রাত পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারেনি। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির ব্ল্যাকবক্স হয়তো মহাসাগরের তলদেশে হারিয়ে গেছে আর তাই দুঘর্টনার কারণ হয়তো কোনোদিনই জানা যাবে না। বিমান বাহিনীর উদ্ধারকারী পাইলটরা জানিয়েছেন, জীবিত কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, লাশ উদ্ধারও দুরূহ কাজ হবে। জোবিম জানিয়েছে লাশ ভেসে উঠতেও বেশ কয়েকদিন সময় লাগতে পারে। সাগরের ওই অঞ্চলে হাঙরের বিচরণ করার বিষয়টির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "লাশগুলোতো ডুবেই গেছে; আর পারনামবুকো উপকূলীয় অঞ্চলের সমস্যা সম্পর্কেতো আপনারা জানেনই।" এয়ার ফ্রান্সের এ বিমানটি নিখোঁজ হওয়ার আগে কোনো বিপদ সংকেত (মেডে') পাঠায়নি। তবে স্বয়ংক্রিয় সংকেত প্রেরকযন্ত্র বিমানটিতে বৈদ্যুতিক বিপর্যয় ও ভেতরে বায়ুচাপ কমে যাওয়ার সংকেত পাঠিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২১ ঘ.