কায়রো, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মুসলিম বিশ্বের উদ্দেশে বলেছেন, সহিংস উগ্রপন্থিরা মুসলিম ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। ইসলাম ধর্মের কারণে এই সমস্যা হচ্ছে না, ইসলাম বরং শান্তির বার্তাই তুলে ধরে।
কায়রোতে দেওয়ার জন্য তৈরি করা ওবামার বক্তব্যে বলা হয়, "সহিংস উগ্রপন্থিরা মুসলমানদের একটি ক্ষুদ্র তবে শক্তিশালী অংশের মধ্যে উত্তেজনা জাগিয়ে তুলেছে।"
বক্তব্যে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মুসলমানদের মধ্যে "প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন নেই"।
ওবমা বলেছেন, তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান ঘটানোর একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রিক সমাধানের বিষয়টি নিয়ে 'ব্যক্তিগত চেষ্টা' চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি মেনে চললে ইরানসহ যে কোনো রাষ্ট্রেরই শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির অধিকার রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24