রিয়াদ, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি তার দেশের নীতিনির্ধারণী বক্তৃতায় মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরান বিষয়ে আরব দেশ ও ইসরায়েলের প্রতি তাদের একান্ত ভাবনা প্রকাশ্যে জানানোর আহ্বান জানাবেন।
ওবামা কায়রোতে তার বক্তব্যের বিষয়ে বুধবার সৌদি আরবের বাদশা আবদুল্লাহর কাছ থেকে পরামর্শ নেন বলে জানিয়েছেন। সৌদি আরব সফর শেষে তিনি কায়রো যাচ্ছেন।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন কায়রোর ওবামার বক্তৃতার আগে তার কঠোর সমালোচনা করেছেন। রিয়াদে ওবামার পদার্পণের পরপরই আল জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি রেকর্ডিংয়ে লাদেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিহিংসা ও ঘৃণার বীজ বপন করেছেন। পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পথই তিনি অনুসরণ করছেন উল্লেখ করে লাদেন হোয়াইট হাউসের নীতিমালার পরিণতি ভোগ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে বলেছেন।
ওবামা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কায়রোয় তার বক্তব্যের অন্যতম বার্তা হবে: "রুদ্ধদ্বার বৈঠকে এক কথা এবং প্রকাশ্যে আরেক কথা বলা বন্ধ করুন।"
ওবামা পত্রিকাটিকে বলেন, "অনেক আরব দেশই ইসরায়েলের কাছ থেকে 'হুমকির' চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। কিন্তু তারা তা প্রকাশ্যে স্বীকার করে না।"
তিনি এটাও বলেন, ইসরায়েলিদের মধ্যেও অনেকে আছেন, "যারা মনে করেন ইসরায়েলের বর্তমান পথ অনিশ্চয়তার ভরা। তারা দ্বি-রাষ্ট্রিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে ইহুদি বসতির ব্যাপারে কঠিন সিন্ধান্তও চান। দীর্ঘমেয়াদে এতেই তাদের আগ্রহ। কিন্তু এদের অনেকেই প্রকাশ্যে তা স্বীকার করতে চান না।"
ওবামা বুধবার সৌদি উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশিংটন থেকে রওনা হওয়ার আগে এনবিসি নিউজে ওবামা বলেন, "আমি নিশ্চিত যে, আমরা এমন একটি সময় পার করছি যখন আমার মনে হয়, ইসলামিক দেশগুলো এই উপলদ্ধিতে এসেছে যে, উগ্রপন্থা মানুষের জন্য উন্নত জীবন বয়ে আনে না।"
সৌদি আরব থেকে ওবামা মিসর, জার্মানি ও ফ্রান্সে যাবেন।
মুসলিম বিশ্বের উদ্দেশ্যে তার ভাষণ থেকে বেশি কিছু আশা না করার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন ওবামা। দেন। তিনি বলেন, একটি ভাষণেই মধ্যপ্রাচ্য এবং ইসলাম ও পশ্চিমাদের সম্পর্ককে ঘিরে জটিল বিভিন্ন ইস্যুর সমাধান বেরিয়ে আসা কিংবা নীতির পার্থক্য নতুন মোড় নিতে পারে না।
ওসামার আগের দিন আল কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি মার্কিন প্রেসিডেন্টকে 'অপরাধী' আখ্যা দিয়ে মিশরীয়দের প্রতি তার সফর প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৪৭ ঘ.
bdnews24