মস্কো, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ইরানে বোমা মারার পরিকল্পনা করছে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বুধবার একথা বলেছেন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে সেখানে ইসরায়েলের সামরিক অভিযানের জল্পনার কথা উল্লেখ করে লিবারম্যান ওই মন্তব্য করেন।
ইরানের কাছ থেকে সম্ভাব্য হুমকি সম্পর্কে জিজ্ঞেস করা হলে লিবারম্যান রাশিয়ায় সাংবাদিকদের বলেন, "ইসরায়েল ইরানে বোমা মারার পরিকল্পনা করছে না। আমাদের ইরানে হামলা চালানোর প্রয়োজন নেই। ইসরায়েল শক্তিশালী দেশ এবং আমরা নিজেরাই নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।"
ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে বলে ধারণা করে আসছেন বিশ্লেষকরা।
ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি আখ্যা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24