২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় নিহতের সংখ্যা ধামাচাপার খবর নাকচ করলেন বান

শ্রীলংকায় তামিল বিদ্রোহিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের শেষ ধাপে নিহতের প্রকৃত সংখ্যা ধামাচাপা দেওয়ার খবর সোমবার নাকচ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

জাতিসংঘ, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল বিদ্রোহিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের শেষ ধাপে নিহতের প্রকৃত সংখ্যা ধামাচাপা দেওয়ার খবর সোমবার নাকচ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফ্রান্সের সংবাদপত্র 'ল্য মঁদ' গত সপ্তায় জানায়, জাতিসংঘের এক অনানুষ্ঠানিক হিসাবে শ্রীলংকায় লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)র বিরুদ্ধে অভিযানের শেষ ধাপে ২০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহতের পরিসংখ্যান দেওয়া হয়েছে। এরপর ব্রিটিশ পত্রিকা 'দ্য টাইমস' এর প্রতিবেদনে ওই একই তথ্য প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়, শ্রীলংকার উত্তর-দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর গণহত্যার "প্রত্যক্ষ প্রমাণ গোপন করার কোনো অধিকার জাতিসংঘের নেই"। তবে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জোর দিয়েই তথ্য গোপনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বান বলেন, "আমি আবারও জোর দিয়ে ওই খবর নাকচ করছি, জাতিসংঘ উদ্দেশ্যমূলকভাবে কোনো সংখ্যা কমায়নি।" তিনি আরও বলেন, "আমি আরও বলব, সংঘাতে নিহতের মোট সংখ্যা যাই হোক না কেনো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ।" জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা জন হোমস বলেন, গত সপ্তাহে নিহতের সংখ্যা ২০ হাজার বলা হচ্ছে অনুমানের ভিত্তিতে। আসল সংখ্যা কত তা হয়তো কোনো দিনই বিশ্বের মানুষ জানতে পারবে না। হোমস রয়টার্সকে বলেন, "আমারা যতদূর জানি এর কোনো ভিত্তি নেই।" তিনি আরও বলেন, "এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে বা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম-বেশিও হতে পারে। সত্যিকার অর্থেই আমরা বিষয়টি জানি না। আমরা সবসময়ই বলেছি তদন্তই হচ্ছে সবচেয়ে ভাল উপায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৬১৫ ঘ.