প্যারিস, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এয়ার ফ্রান্সের একটি বিমান ২২৮ জন আরোহী নিয়ে ব্রাজিল থেকে প্যারিস যাওয়ার পথে সোমবার ঝড়ো হাওয়ায় আটলান্টিক মহাসাগরের ওপর হারিয়ে গেছে। বিমানটি মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এয়ার ফ্রান্স যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এতে এটা স্পষ্ট বিমান সংস্থাটি আরোহীদের কাউকে জীবিত পাওয়ার আশা করছে না।
আরোহীদের কমপক্ষে ৬০ জন ফ্রান্সের নাগরিক। প্রায় ৬০ জন ব্রাজিলের এবং দুজন স্লোভাক। দেশগুলো এই তথ্য জানিয়েছে।
প্যারিসের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট এএফ ৪৪৭ রোববার সন্ধ্যা সাতটায় রিও ডি জেনিরো বিমানবন্দর থেকে যাত্রা করে। সোমবার সকাল সোয়া ১১টায় (০৯১৫ জিএমটি) বিমানটির প্যারিসে পৌঁছার কথা ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে ইলেকক্ট্রিক ইঞ্জিন চালিত বিমানটিতে শর্ট সার্কিট হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এয়ার ফ্রান্স।
ব্রাজিল বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি মহাসাগরের ওপর দিয়ে অনেকখানি অগ্রসর হওয়ার পর হারিয়ে যায়। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা দ'ু জায়গা থেকেই বিমানটির খোঁজে বের হয়েছে সামরিক বিমান।
এয়ার ফ্রান্সের প্রধান নির্বাহী পিয়েরে-অঁরি গরিয়ঁ সাংবাদিকদের কাছে বিমানটি দুর্ঘটনা কবলিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। ০২১৪ জিএমটি তে বিমানটি থেকে শর্ট সার্কিট হওয়ার অটোমেটিক সংকেত এয়ার ফ্রান্স পেয়েছে বলে জানান তিনি।
ঘূর্ণি হাওয়ার মধ্য দিয়ে বিমানটি উড়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে ওই সংকেত পাওয়া যায়। এরপরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন ব্রাজিলের বিমানবাহিনীর মুখপাত্র।
এর সর্বশেষ অবস্থান সম্পর্কে জানা যায়নি। ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমানগুলো ব্রাজিলের উত্তরপূর্ব উপকূলে এয়ার ফ্রান্সের বিমানটির সন্ধান শুরু করেছে।
এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র ঘোষণা করেন, "এয়ার ফ্রান্স দুঃখের সঙ্গে জানাচ্ছে ফ্লাইট এএফ ৪৪৭ এর কোনো খবর পাওয়া যাচ্ছে না।"
ব্রাজিল বিমানবাহিনীর মুখপাত্র হেনরি উইলসন জানান, নিখোঁজ বিমানটির সন্ধানে ব্রাজিলের উত্তরপূর্ব উপকূলের ফারনানদো ডি নোরোনহা দ্বীপ থেকে তাদের বিমানগুলো আকাশে উড়েছে।
আমস্টারডামে এয়ার ফ্রান্স-কেএলএম এর একজন মুখপাত্র বলেন, নিঁেখাজ বিমানটির সঙ্গে 'বেশ কিছুক্ষণ' ধরে রেডিও যোগাযোগ বন্ধ রয়েছে।
এয়ারবাস ৩৩০-২০০ বিমানটিতে ২১৬ জন যাত্রী ও ১২ জন ক্রু রয়েছে।
এয়ার ফ্রান্স জানিয়েছে, বিমানটির আরোহীদের উদ্বিগ্ন আত্মীয়স্বজন 'চার্লস দ্য গল' বিমানবন্দরে ভিড় জমিয়েছেন। তাদের বিমানবন্দরের বিশেষ এলাকায় রেখে সান্ত্বনা দেওয়া হচ্ছে।
২০০৬ ও ২০০৭ সালে ব্রাজিলে বড়ধরনের দুটি বিমান দুর্ঘটনা ঘটায় দেশটির বিমান চলাচল নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
২০০৭ সালের জুলাইয়ে টিএএম এয়ারলাইনের একটি 'এয়ারবাস এ ৩২০' বিমান সাও পাওলোর কঙ্গোনহাস বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে ছিটকে পড়লে ১৮৭ আরোহীর সবাই এবং মাটিতে থাকা ১২ জন নিহত হয়।
২০০৬ সালের সেপ্টেম্বরে গল এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান আমাজান জঙ্গলের ওপর একটি ছোট্ট ব্যক্তিগত বিমানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হলে ১৫৪ আরোহীর সবাই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২২৩১ ঘ.
bdnews24