ডেট্রোয়েট/ওয়াশিংটন, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা জেনারেল মোটরস কর্পোরেশন (জিএম) সোমবার দেউলিয়াত্বের আবেদন করেছে। একসময়ে আমেরিকার অর্থনৈতিক শক্তি ও গতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত শতবর্ষ বয়সী প্রতিষ্ঠানটি এই আবেদনের মাধ্যমে সরকারি মালিকানায় এক নতুন ও অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াল।
মার্কিন ইতিহাসে এটা তৃতীয় বৃহত্তম এবং ম্যানুফাকচারিংয়ের দিক থেকে বৃহত্তম প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব বরণ।
ওবামা প্রশাসন জিএম-কে দেউলিয়াত্বের আবেদন করতে রাজি করিয়ে এবং কোম্পানিটির পুনর্গঠনে করদাতাদের অর্থ থেকে অতিরিক্ত ৩০০ কোটি ডলার দিয়ে প্রবল ঝুঁকি নিয়েছেন।
তবে এ ধরনের উদ্যোগের ইতিবাচক একটি দিকের লক্ষণ দেখা গেছে দেউলিয়াত্বের আবেদন করা আরেক মার্কিন গাড়িনির্মাতা ক্রাইসলারের ক্ষেত্রে। দেউলিয়া সংক্রান্ত আদালতের একজন বিচারক ক্রাইসলারের সব সম্পদ ইতালির ফিয়াট এসপিএ'র নেতৃত্বাধীন একটি গ্র"পের কাছে বিক্রির অনুমতি দিয়েছেন।
ক্রাইসলারের দেউলিয়ার ক্ষেত্রেও অর্থ দিয়ে সাহায্য করেছে সরকার। ক্রাইসলারের দেউলিয়ার বিষয়টি জিএম'র জটিল পুনর্গঠনের ক্ষেত্রে একটি পরীক্ষামূলক বিষয় হিসেবে দেখা হচ্ছে।
এ বছরের শুরু থেকে সরকার অর্থ সাহায্য দিয়ে জিএম-কে বাঁচিয়ে রেখেছে। হোয়াইট হাউজের নিয়োগ দেওয়া একটি টাস্কফোর্স কোম্পানিটির দ্রুত পুনর্গঠনের ছক আঁকে এবং ৫০০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্র"তি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/২০১০ ঘ.
bdnews24