সিউল, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া এ মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে সক্ষম দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। সেইসঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমান্তে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংঘর্ষের পট প্রস্তুত করতে পারে। দক্ষিণ কোরিয়ার সংবাদ প্রতিবেদনে সোমবার একথা বলা হয়েছে।
দৈনিক 'জুংআং ইলবো' পত্রিকা দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, উত্তর কোরিয়া একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা (আইসিবিএম) চালানোর প্রস্তুতি নিচ্ছে। পশ্চিম-উপকূলীয় ঘাঁটি থেকে এর পাল্লা আনুমানিক ২৫০০-৪০০০ মাইল।
একটি গোয়েন্দাসূত্র জানিয়েছে, "তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি জুনের মাঝামাঝিতে শেষ হওয়ার সম্ভাবনা আছে।"
কয়েকটি সূত্র জানায়, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ক্ষেফণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে।
উত্তর কোরিয়া গত সপ্তাহে পরমাণু বোমা পরীক্ষা ও বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীকষা করেছে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি দিয়েছে। এতে করে ১৯৫০-৫৩ সালের পর বর্তমান সময়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24