রোম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এক কিশোরির সঙ্গে সম্পর্ক নিয়ে দেশজুড়ে তুমুল কানাঘুষা এবং রাজনৈতিক জল ঘোলা হয়ে ওঠার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি নববর্ষে তার দেওয়া পার্টির তোলা ছবির প্রকাশ বন্ধ করতে সফল হয়েছেন। বিচারবিভাগীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এক ফটোসাংবাদিকের তোলা ছবিগুলো প্রকাশ করা তার একান্তবিষয়ে হস্তক্ষেপ হিসেবে গণ্য হওয়ার আদালতের রায় পেয়েছেন তিনি।
৭২ বছর বয়সী বারলুসকোনি ১৮ বছরের নাওমি লেৎজিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।
অ্যান্তোনেল্লো জাপ্পাদু নামের এক ফটোসাংবাদিক ভূমধ্যসাগরীয় দ্বীপ সার্ডিনিয়ায় বারলুসকোনির ভিলার বাইরে থেকে শক্তিশালী লেন্সের সাহায্যে কয়েক শ' ছবি তোলেন। প্রধানমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোমের একজন বিচারক ওই ছবিগুলোর প্রকাশে নিষেধাজ্ঞা ও সেগুলি জব্দ করার আদেশ দিয়েছেন।
ইতালির পত্রিকাগুলো জানায়, ধনকুবের মিডিয়াব্যক্তিত্ব থেকে রাজনীতিবিদ বারলুসকোনির দেওয়া জাঁকজমকপূর্ণ ওই পার্টিতে অনেক তরুণী যোগ দিয়েছিল।
গত মাসে নেপলস শহরে নাওমির ১৮ তম জন্মদিনের অনুষ্ঠানে বারলুসকোনির সঙ্গে তার ছবি প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন ব্যাপক অনুসন্ধানের মধ্যে পড়েছে। কেন তিনি নাওমির ১৮ তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তাকে দামি মালা উপহার দিয়েছেন তার যে ব্যাখ্যা দিয়েছেন বারলুসকোনি তা অনেকটা অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে ইতালীয়দের কাছে। বারলুসকোনি বলেছেন, মেয়েটির পরিবারের সঙ্গে তিনি বহুবছর ধরে পরিচিত।
মেয়েটির সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনার মধ্যে স্ত্রী ভেরোনিকা তার বিরুদ্ধে 'নারীর পেছনে ছোটার' অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন করায় বিষয়টি এখন বিষ্ফোরক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভেরোনিকা স্বামী সম্পর্কে এও বলেছেন, 'তিনি ভাল নন'।
বৃহস্পতিবার বারলুসকোনির মেয়েটির সঙ্গে কোনরকম অযথার্থ সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ দাবি মিথ্যা প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন।
রোমে তিনি সাংবাদিকদের বলেছেন, "কেউ যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন, কমবয়েসী মেয়েটির সঙ্গে আমার কোনো ধরনের উত্তেজক বা তার চেয়েও বেশি সম্পর্ক হয়েছে কীনা তবে তার জবাব হবে: অবশ্যই না।"
গত বছর তৃতীয় মেয়াদে প্রধামমন্ত্রী নির্বাচিত হওয়া বারলুসকোনি বলেন, "আমার সন্তানদের দিব্যি দিয়ে এ কথা বলছি, এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে পর মুহূর্তে আমি পদত্যাগ করব।"
ইতালিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতি গ্রাহ্য হওয়ার বয়স ১৬। তবে ১৮ বছরের কম বয়সীদের 'ছোট' হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। নাওমি গত মাসে ১৮ বছরের পা দিয়েছে। ১৭ বছর বয়সেও কয়েকটি সামাজিক অনুষ্ঠানে তোলা ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24