সউল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো-হিউনের অন্ত্যেষ্টিক্রিয়ায় শুক্রবার হাজার শোকার্ত মানুষ যোগ দেয়। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে আত্মহত্যার পর রোহ এখন ব্যর্থ নেতা থেকে তার উত্তরসূরীর বিরুদ্ধে সমালোচনার হাতিয়ারে পরিণত হয়েছেন।
রাজধানী সউলের কেন্দ্রস্থলে রোহ'র শোক শোভাযাত্রায় যোগ দেয় প্রায় দেড় লাখ মানুষ। হলুদের জনসমুদ্রে পরিণত হয় ওই এলাকা। রোহ'র দলীয় রঙ হলুদ।
শোভাযাত্রার পথে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যারিকেডে শতশত বেলুন বেধে দেয় অশ্র"সিক্ত সমর্থকরা। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সমর্থকদের ছোটখাটো সংঘর্ষও হয়। অনেকের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। এর একটিতে লেখা ছিল, 'আজকের শোক, আগামীর ক্ষোভ'।
সউলের কেন্দ্রভাগে রাজপ্রাসাদে সম্পন্ন হয় আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় স্তুতিবাক্যে প্রধানমন্ত্রী হ্যান সুং-সু সাবেক প্রেসিডেন্ট রোহকে জনতার নেতা বলে অভিহিত করেন। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য।
গত শনিবার বাড়ির কাছে একটি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন রোহ।
রোহ'র এই আকস্মিক মৃতুত্যে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিভেদ আরও বেড়েছে। সমর্থকদের অনেকেই এই মৃত্যুর জন্য রোহ'র উত্তরসূরী প্রেসিডেন্ট লী মিউং-বাককে দায়ী করছে। ১৫ মাস আগে ক্ষমতা নেওয়ার পর বাক রোহ'র অনেক উদারপন্থি নীতি থেকে পেছনে সরে আসার চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এইচএ/২৩৪৫ ঘ.
bdnews24