জেনেভা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা চালাতে দিচ্ছে না সরকার। বিভিন্ন সাহায্য সংস্থা শুক্রবার এ অভিযোগ করেছে।
রেডক্রসের আন্তর্জাতিক কমিটির মুখপাত্র ফ্লোরিয়ান ওয়েস্টফেল জানিয়েছেন, সেনাবাহিনী পরিচালিত শরণার্থী শিবিরগুলোতে সাহায্য কার্যক্রম চালাতে এখনো তাদের অনুমতি দেওয়া হয়নি।
শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধের সময় বাড়িঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় আড়াই লাখ তামিল। এই শিবিরগুলো এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।
সরকার জানিয়েছে, শরণার্থী পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে এবং সেখানে ঢুকতেও সমস্যা নেই। এ সপ্তাহে তারা নিরাপত্তা কড়াকড়ি কিছুটা শিথিল করেছে এবং সাহায্যবাহী যানগুলোকে সেখানে ঢুকতে দিচ্ছে। তবে রেডক্রস জানিয়েছে, এখনো অনেক বাধা-নিষেধ আছে।
জেনেভায় এক ব্রিফিংয়ে ওয়েস্টফেল বলেন, "সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখনো আমরা ঢুকতে পারছি না।"
'দ্য টাইমস' পত্রিকা শুক্রবার জানিয়েছে, শ্রীলংকায় এলটিটিই গেরিলাদের বিরুদ্ধে অভিযানের শেষ দিনগুলোতে ২০ হাজারেরও বেশি বেসামরিক তামিল নিহত হয়েছে।
শ্রীলংকা কর্তৃপক্ষ বলেছে, বেসামরিক নাগরিকদের জন্য ঘোষিত নিরাপদ এলাকা 'নো ফায়ার জোন' এ সেনাবাহিনী ২৭ এপ্রিলে ভারী অস্ত্র ব্যবহার করে। ওই এলাকায় প্রায় ১ লাখ তামিল বেসামরিক নাগরিক ছিল। ওই এলাকায় বেসামরিক তামিল হতাহতের ঘটনার জন্য শ্রীলংকা কর্তৃপক্ষ তামিল গেরিলাদের দায়ী করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৭ ঘ.
bdnews24