২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া শুক্রবার পূর্ব উপকূলে আরেকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একইসঙ্গে জাতিসংঘ শাস্তিমূলক ব্যবস্থা নিলে আরও বেশি 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ইয়ংপিয়ং, দক্ষিণ কোরিয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া শুক্রবার পূর্ব উপকূলে আরেকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একইসঙ্গে জাতিসংঘ শাস্তিমূলক ব্যবস্থা নিলে আরও বেশি 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা অজ্ঞাতপরিচয় এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া মুসুদান রি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত সোমবার পরমাণু বোমা পরীক্ষা চালানোর দিন থেকে এ নিয়ে কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। বেশির ভাগ ক্ষেপণাস্ত্ররই পাল্লা প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)। উত্তর কোরিয়ার আগ্রাসী পদক্ষেপের আশঙ্কায় চীনা মাছ ধরা নৌকাগুলো পশ্চিম উপকূলের বিরোধপূর্ণ কোরিয়া সমুদ্রসীমা ছেড়ে যাওয়ার মুখে দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করে বলেছে, ক্রমেই আগ্রাসী হয়ে ওঠা উত্তর কোরিয়া নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে থাকতে পারে। সোমবার উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সতর্কতার মাত্রা বাড়িয়েছে। উত্তর কোরিয়া এর পর আরও কি করে তা দেখার অপেক্ষায় আছে আঞ্চলিক শক্তিধর দেশগুলো। অনেকেরই ধারণা, উত্তর কোরিয়া বিরোধপূর্ণ সমুদ্রসীমায় নৌ সংঘর্ষের পথ বেছে নেবে। গত ১০ বছরে দুই কোরিয়ার মধ্যে দুবার নৌ সংঘর্ষ হয়েছে। শিগগিরি এ ধরনের আরেকটি সংঘর্ষ ঘটবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.