২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাগানে চিতাবাঘের 'অনুপ্রবেশ'

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকারি বাসভবনের চৌহদ্দির ভিতরে একটি চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে এবং এটিকে ধরতে হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে বন্যপ্রাণী ধরার বিশেষজ্ঞরা। একজন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকারি বাসভবনের চৌহদ্দির ভিতরে একটি চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে এবং এটিকে ধরতে হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে বন্যপ্রাণী ধরার বিশেষজ্ঞরা। একজন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। চিতাবাঘটি অস্তিত্ব প্রথমে ধরা পড়ে ক্লোজ-সার্কিট টেলিভিশন ক্যামেরা মাধ্যমে। গত সপ্তাহের শেষ দিকে রাজধানী ইসলামাবাদে গিলানির সুরক্ষিত বাসভবনের বাগানের ভেতর কোনওক্রমে ঢুকে পড়ে প্রাণীটি। প্রধানমন্ত্রীর মুখপাত্র ইমরান গারদেজি বলেছেন, "প্রাণীটি বেশ বড়।" তিনি জানান, চিতাবাঘ ঘুরে বেড়ানোর কারণে প্রধানমন্ত্রী বাড়ি ছেড়ে চলে যাননি এবং তিনি অন্য সবদিনের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা প্রাণী অচেতন করার বন্দুক নিয়ে বিশাল বাগানটি চষে বেড়াচ্ছেন। গারদেজি জানান, রোববার তারা বাঘটিকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন কিন্তু চতুর প্রাণীটি প্রায় ছয় ফুট উঁচু একটি দেয়াল টপকে বাড়ির চৌহদ্দির অন্য প্রান্তে চলে যাওয়ায় ধরা যায়নি। দেয়ালটির ওপর কাঁটা তারের বেড়াও তাকে আটকাতে পারেনি। ১৯৬০ এর দশকে পাহাড়ি জঙ্গলাকীর্ণ এলাকায় ইসলামাবাদ শহর গড়ে তোলা হয়। শহরটিতে এখনো প্রায়ই বন্যশূকর, শিয়াল, বানর ও শজারু ঘুরে বেড়াতে দেখা যায়। গিলানির বাগানে অবশ্য চিতাবাঘটির ঘুরে বেড়ানো চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গারদেজি বলেছেন, দু'এক দিনের মধ্যে ধরা না পরলে সম্ভবত প্রাণীটিকে গুলি করে মারার আদেশ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/এমএইচবি/২১১০ ঘ.