২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশের বিষয়ে প্রথমে কিছু জানতাম না: সু চি

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি মঙ্গলবার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, মার্কিন নাগরিকটির অনুপ্রবেশের বিষয়ে প্রথমে তিনি কিছু জানতেন না। তবে সহকারীদের কাছ থেকে খবরটি পাওয়ার পর তিনি লোকটিকে কিছুক্ষণের জন্য থাকতে দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ইয়াঙ্গুন, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি মঙ্গলবার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, মার্কিন নাগরিকটির অনুপ্রবেশের বিষয়ে প্রথমে তিনি কিছু জানতেন না। তবে সহকারীদের কাছ থেকে খবরটি পাওয়ার পর তিনি লোকটিকে কিছুক্ষণের জন্য থাকতে দিয়েছিলেন। আদালতে সু চি বলেন, ৪ মে ভোরবেলার দিকে ওই ব্যক্তি লেক সাঁতরে তার বাড়িতে ঢোকেন। তবে সঙ্গে সঙ্গে তিনি খবরটি পাননি। সকাল ৫টায় সহকারীরা বিষয়টি তাকে জানান। সু চি বলেন, "আমি অল্প সময়ের জন্য তাকে থাকতে দিয়েছিলাম।" আদালত সু চি'র কাছে জানতে চায় বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি-না। জবাবে সু চি বলেন, "না, আমি তা জানাইনি।" এক সপ্তাহ আগে বিচার শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পান। সু চি'র গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই মঙ্গলবার ওই নির্দেশ তুলে নিয়েছে জান্তা সরকার। কিন্তু বিচারের জন্য তাকে আটক রাখা হয়েছে। সু চি'র ছয়বছরের গৃহবন্দিত্বের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। এরই মধ্যে এ মাসের প্রথমদিকে তার বাড়িতে জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিচার শুরু করেছে জান্তা সরকার। সু চির আইনজীবী নিয়ান উইন সাংবাদিকদের বলেন, "গৃহবন্দিত্বের আদেশ তুলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও আটক রয়েছেন। এতে হাসব না কাঁদব জানি না।" তিনি বলেন, "পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মাইন্ত থিয়েন ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে সু চির কক্ষে তার গৃহবন্দিত্ব তুলে নেওয়ার আদেশ পড়ে শোনান।" সু চি গত ১৯ বছরের মধ্যে ১৩ বছরই কোনও না কোনোভাবে বন্দিদশায় কাটিয়েছেন। বিচারে তিনি দোষীসাব্যস্ত হতে পারেন এবং এতে তার ৫ বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৩২ ঘ.