ইসলামাবাদ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফ নির্বাচনে দাঁড়াতে পারবেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরফলে এই দুই নেতার রাজনৈতিক ভবিষ্যতের অনিশ্চয়তা দূর হল।
পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী এবং জনমত জরিপে বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা নওয়াজের ওপর বেশ পুরনো একটি রায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর নিষেধাজ্ঞা ছিল। তিনি দাবি করে আসছিলেন, ওই মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দুই ভাইয়ের আইনজীবী আশতার আউসাফ আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, আগের আদালতের দেওয়া রায়ের ফলে তার মক্কেলদের নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে যে বাধা ছিল সুপ্রিম কোর্টের রায়ে তা কার্যকারিতা হারিয়েছে।
নওয়াজ শরীফ বলেছেন, এই রায়ে প্রমাণিত হল দেশ ঠিক পথে এগুচ্ছে। লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, "আজ স্বাধীন বিচারবিভাগ স্বাধীনভাবে রায় দিয়েছে।"
তিনি জানান, এখন তার দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ঠিক করবে কবে তিনি কবে কিংবা আদৌও উপনির্বাচনে দাঁড়াবেন কি না।
শরীফের দল ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি'র (পিপিপি)পরে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পায়।
দুই ভাই ওই নির্বাচনে দাঁড়াতে পারেননি। শাহবাজ পরে পাঞ্জাবের প্রাদেশিক উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে জয়লাভ করে সবচেয়ে সমৃদ্ধ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটির মুখ্যমন্ত্রী হন। কিন্তু ফেব্র"য়ারিতে একটি আদালত শাহবাজের উপনির্বাচনে বিজয় নাকচ করে দেয় এবং নওয়াজ শরীফের ওপর নির্বাচনী নিষেধাজ্ঞা আরোপ করে। এতে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়।
পাকিস্তানের আইজীবীদের আন্দোলনের সঙ্গে শরীফদের দল যোগ দেওয়ায় প্রবল চাপের মুখে গত মার্চে জারদারি বরখাস্ত হওয়া প্রধান বিচারপতিকে পুর্নবহালের দাবি মেনে নেন। এতে শরীফদের নিষেধাজ্ঞা নিয়ে সৃষ্ট সংকটেরও সমাধান হয়। শাহবাজও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পুর্নবহাল হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৭ ঘ.
bdnews24