২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুলপড়ার ব্যাখ্যা পাওয়া যাবে 'এসওএক্স২১' জিন থেকে

জাপানের গবেষকরা ইঁদুরের দেহে এমন একটি জিন সনাক্ত করতে সক্ষম হয়েছেন যাকে ইঁদুরের চুলপড়ার জন্য দায়ী বলে মনে হয়েছে। মানুষের চুলপড়া বা অ্যালোপেসিয়া রোগের জন্যও এ ধরনের জিন দায়ী হতে পারে বলে মনে করছেন ওই বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

হংকং, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাপানের গবেষকরা ইঁদুরের দেহে এমন একটি জিন সনাক্ত করতে সক্ষম হয়েছেন যাকে ইঁদুরের চুলপড়ার জন্য দায়ী বলে মনে হয়েছে। মানুষের চুলপড়া বা অ্যালোপেসিয়া রোগের জন্যও এ ধরনের জিন দায়ী হতে পারে বলে মনে করছেন ওই বিজ্ঞানীরা। 'ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস' এর এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, তারা বেশ কিছু ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন যাদের দেহে 'এসওএক্স২১' জিনের ঘাটতি ছিল। প্রতিবেদনে বলা হয়, "জন্মের ১১তম দিন থেকে ইঁদুরগুলোর দেহের পশম পড়ে যেতে শুরু করে। মাথা থেকে ওই পশমপড়া শুরু হয় এবং ধীরে ধীরে পেছন দিকে লেজ পর্যন্ত তা বিস্তার লাভ করে।" "২০ থেকে ২৫তম দিনের দিকে এসে ইঁদুরের দেহের সব পশম পড়ে যায়, এমনকি তাদের গোঁফ পর্যন্ত। লক্ষ্য করবার মতো বিষয় হল কিছুদিনের মধ্যেই নতুন করে পশম গজানো শুরু করলেও কয়েকদিনের মধ্যেই আবার পশম পড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।" চুল পড়া, নতুন করে গজানো এবং পুনরায় পড়ে যাওয়ার এই সাক্লিক্যাল অ্যালোপেসিয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। জিনগত পরিবর্তন করে জন্ম দেওয়া আলাদা প্রকৃতির এই ইঁদুরগুলোর যখন চুল পড়তে থাকে তখন এদের দেহের চুল গহ্বরের পাশে তেল নিঃসরণকারী সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো বড় হয়ে যায় এবং ত্বকের কোষগুলোর ওপর একটা মোটা স্তর পড়তে দেখা যায়। জাপানের মিশিমায় 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনেটিক্স' এর স্তন্যপায়ী বিভাগের বিজ্ঞানী ইউমিকো সাগা এই গবেষণার নেতৃত্ব দেন। গবেষকরা জানান, "এসওএক্স২১ নামের এই জিনটি চুলের গোড়ার বহিঃস্তর গঠনকারী স্টেম সেলের তারতম্য ঘটিয়ে থাকতে পারে।" বিজ্ঞানীরা এরপর মানবদেহের ত্বকের ওপর গবেষণা চালান এবং সেখানে একই জিনের উপস্থিতির প্রমাণ পান। গবেষকরা বলেন, "আমরা নিশ্চিত হয়েছি যে, মানুষের শরীরে চুলের গোড়ার ত্বকে এসওএক্স২১ নামের এই জিন থাকে... এই গবেষণা ফলাফলে এ ইঙ্গিত পাওয়া যায় যে এসওএক্স২১ মানুষের চুলপড়ার কিছু ক্ষেত্রের জন্য দায়ী হয়ে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৫৭ ঘ.